২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতরানের উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কার জবাব

আগের চার ইনিংসের মতো এবার আর তালগোল পাকায়নি শ্রীলঙ্কা। সতর্ক ব্যাটিংয়ে লর্ডসের উইকেটে ইংল্যান্ডের পেসারদের সুইং সামলাতেও খুব একটা বেগ পেতে হয়নি তাদের। স্বাগতিকদের চারশ’ ছাড়ানো ইনিংসের জবাব দিতে শতরানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 11:53 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

পুরনো খবর:

বেয়ারস্টোর রেকর্ড ইনিংসে চারশ ছাড়িয়ে ইংল্যান্ড

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৬২ রান। কৌশল সিলভা ৭৯ ও কুশল মেন্ডিস ২৫ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েছেন এই দুই জনে।

আগের চার ইনিংসে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ছিল ১০, ১০, ১০, ৩৮ রানের। এবার শতরানের জুটিতে অতিথিদের ভালো সূচনা এনে দেন সিলভা ও দিমুথ করুনারত্নে।

শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলেই জেমস অ্যান্ডারসনকে চার হাঁকিয়ে শুরু করেন করুনারত্নে। ইংল্যান্ডের নতুন বলের আরেক বোলার স্টুয়ার্ট ব্রডেরও প্রথম ওভারে চার হাঁকান সিলভা।

করুনারত্নে-সিলভার ৩১ ওভার স্থায়ী ১০৮ রানের জুটি ভাঙতে পারতো দ্বাদশ ওভারে। ক্রিস ওকসের বলে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়েও সেবার বেঁচে যান করুনারত্নে। জীবন পাওয়ার আগে তার রান ছিল ২৮, ৩৪ বলে।

এরপর নিজেকে পুরোপুরি গুটিয়ে দেন তিনি। পরের চার রান করতে খেলেন ৪৭ বল। অ্যান্ডারসনকে পরপর তিনটি চার হাঁকিয়ে এক সময়ে পাল্টা আক্রমণে যান তিনি। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। অর্ধশতকে পৌঁছেই স্টিভেন ফিনের বলে সেই বেয়ারস্টোর গ্লাভসবন্দি হয়ে ফিরে যান।

শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় এক মেজাজে খেলে গেছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সিলভা। তার দৃঢ়তায় প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে শ্রীলঙ্কা।  

এর আগে বেয়ারস্টোর রেকর্ড গড়া ইনিংসের ওপর ভর করে ৪১৬ রান করে ইংল্যান্ড। ১৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। দেশের মাটিতে কোনো ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই। ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ১৬৪ করেছিলেন অ্যালেক স্টুয়ার্ট।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

ইংল্যান্ড ১ম ইনিংস: ১২৮.৪ ওভারে ৪১৬ (প্রথম দিন শেষে ২৭৯/৬) (কুক ৮৫, হেলস ১৮, কম্পটন ১, রুট ৩, ভিন্স ১০, বেয়ারস্টো ১৬৭*, মঈন ২৫, ওকস ৬৬, ব্রড ১৪, ফিন ৭, অ্যান্ডারসন ৪; এরাঙ্গা ১/৯৪, লাকমল ৩/৯৩, প্রদিপ ২/১০৪, ম্যাথিউস ০/৩১, হেরাথ ৪/৮১)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৯ ওভারে ১৬২/১ (করুনারত্নে ৫০, সিলভা ৭৯*, মেন্ডিস ২৫*; অ্যান্ডারসন ০/৩৫, ব্রড ০/৪৫, ফিন ১/৩১, ওকস ০/২০, মঈন ০/২৩)