২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের হাতে গাজীর ভাগ্য, অপেক্ষায় প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরে কাগজে-কলমে দলগুলোর পার্থক্য খুব কম। খেলায়ও দেখা গেছে তার চিত্র। তাই প্রথম রাউন্ডের শেষ দিন পর্যন্ত রয়েছে উত্তেজনা, আছে নানা হিসাব-নিকাশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 09:50 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

এরই মধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর, ভিক্টোরিয়া, লেজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী ও মোহামেডান। শেষ স্থানের লড়াইয়ে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

একাদশ রাউন্ডে মোহামেডানের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। শেষ চার রাউন্ডে টানা জয় পাওয়া কলাবাগান ক্রীড়া চক্রেরও খেলা হবে না সুপার সিক্সে।

মাশরাফি বিন মুর্তজার দল বাদ পড়েছে ‘হেড টু হেড’ এর হিসাব-নিকাশে। আপাতত ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে প্রাইম ব্যাংক ও সাত নম্বরে রয়েছে কলাবাগান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জেতায় সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা আছে কেবল প্রাইম ব্যাংকের। 

এই হিসাব পাল্টে দিতে পারে ১০ পয়েন্ট নিয়ে আপাতত একটু পিছিয়ে থাকা গাজী। শেষ রাউন্ডে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে দলটি। জয় পেলে তাদেরও পয়েন্ট হবে ১২। মুখোমুখি লড়াইয়ে প্রাইম ব্যাংক ও কলাবাগানকে হারানোয় সেরা ছয়ে উঠবে তারাই।

জিতলেই শীর্ষে ওঠার সম্ভাবনা আছে ভিক্টোরিয়ার। ১৩ পয়েন্ট নিয়ে আপাতত মোহামেডান, দোলেশ্বর ও আবাহনীর পেছনে রয়েছে তারা। এই তিন দলের পয়েন্ট ১৪ করে।

এরই মধ্যে রেলিগেশন লিগ খেলা নিশ্চিত হয়েছে তারুণ্য নির্ভর দুই দল কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস)। তবে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্স পয়েন্ট পেলে অবশ্য আর এই লিগ হবে না, সরাসরি প্রথম বিভাগে নেমে যাবে দল দুটি। রেলিগেশন লিগ হলে তিন দিলের মধ্যে তলানিতে থাকা দুটি দল প্রথম বিভাগে নেমে যাবে।

শেষ দুটি স্থানে থাকা সিসিএস ও কলাবাগান অ্যাকাডেমির পয়েন্ট ৪ করে। ৮ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে ব্রাদার্স। নিজেদের শেষ ম্যাচে তারা খেলবে রূপগঞ্জের বিপক্ষে। ১৩ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে থাকা দলটির সামনেও রয়েছে শীর্ষে উঠার সুযোগ।