আম্পায়ারিংয়ের মান উন্নয়নের প্রতিশ্রুতি বিসিবি প্রধানের
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবারের আসরে খেলোয়াড়দের চেয়ে কোনো অংশে কম আলোচিত নয় আম্পায়ারদের পারফরম্যান্স। প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, মেজাজ হারাচ্ছেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে বিব্রত বিসিবি সভাপতি নাজমুল হাসানও।
গত ৩০ মে বিসিবির টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনার সময় প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের ম্যাচে আম্পায়ারিংয়ের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। তখন বিসিবি সভাপতি জানিয়েছিলেন, আম্পায়ারিংয়ের মান উন্নয়নের দিকে জোর দেবেন তিনি।
পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রায় প্রতি ম্যাচেই বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন আম্পায়াররা। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে লেজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচেই দেখা গেছে তেমন চিত্র। এলবিডব্লিউ হওয়ার পর কোনোমতেই মানতে না পেরে মেজাজ হারান সৌম্য সরকার।
নিজের আচরণের জন্য শাস্তি পেতে হয়েছে সৌম্যকে। আম্পায়ারদের সিদ্ধান্ত মানতে না পারার নজির এটাই প্রথম নয়। ক্ষেপে যাওয়ার নজির আছে অভিজ্ঞ তুষার ইমরান, তামিম ইকবালসহ আরও অনেকেরই।
রোববার আবার প্রিমিয়ার লিগের আম্পায়ারিংয়ের মান নিয়ে বিসিবি প্রধানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি স্বীকার করেন, “প্রিমিয়ার লিগ না শুধু প্রথম-দ্বিতীয়-তৃতীয় বিভাগ প্রত্যেকটা খেলায়ও আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে।”
এর পরই দৃঢ় কণ্ঠে জানান, আম্পায়ারিংয়ের মান উন্নয়নে জোর দেবেন তারা।
“আমরা অবশ্যই নিশ্চিত করবো, কোনো রকম ‘আনফেয়ার প্র্যাকটিস’ আমাদের ক্রিকেটে থাকতে দেওয়া যাবে না। যদি তাই হয় তাহলে আমরা ভালোভালো ছেলেগুলোকে রাখতে পারবো না।”
