২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা কবে জানতে ভারতকে বিসিবির চিঠি

টেস্ট মর্যাদা পাওয়ার প্রায় ১৬ বছর পরও ভারতে এই সংস্করণে খেলার সুযোগ মেলেনি বাংলাদেশের। চলতি বছর এক টেস্ট খেলতে প্রতিবেশী দেশটিতে যাওয়ার কথা রয়েছে মুশফিকুর রহিমদের। বারবার সেই সিরিজের প্রতিশ্রুতি মিললেও সঠিক তারিখ পাওয়া যায়নি এখনও। তাই এর ভবিষ্যত জানতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 07:36 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

২০০০ সালের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। কিন্তু ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ মেলেনি এখনও।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, এত দিন আলোচনা ছিল মুখে-মুখে এবার লিখিতভাবে জানতে চেয়েছেন তারা।

“ভারত সফর নিয়ে ওদের সঙ্গে যখনই কথা হচ্ছে, ওরা নিশ্চিত করছে ওদের সঙ্গে খেলা হবে। তবে ওরা এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদের কোনো তারিখ দেয়নি। গতকালই আমাদের সিইও নিজাম উদ্দিন চৌধুরী ওদের একটা চিঠি দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিনি জানতে চেয়েছেন, ওদের সঙ্গে আমাদের খেলাটা কবে।”

বিসিবি প্রধানের বিশ্বাস, দুই-এক দিনের মধ্যে মিলবে ভারতীয় ক্রিকেট বোর্ডের জবাব।

আগামী জানুয়ারিতেও ভারত সফরের একটা আলোচনা রয়েছে। তবে আপাতত সেই সিরিজ নিয়ে কোনো ভাবনা নেই বিসিবির।

“জানুয়ারি সিরিজ নিয়ে কথা হয়েছে। ওই সময় শুধু একটা টেস্ট না, আরও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল। সেটা এখনও খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন আমরা জানতে চেয়েছি, আমাদের যে টেস্ট খেলতে যাওয়ার কথা হয়েছিল, সেটার কি হল।”