বাংলাদেশের সামনে সোনালী সময়: হাথুরুসিংহে
দুই বছর আগে যখন দায়িত্ব নিয়েছিলেন চন্দিকা হাথুরুসিংহে, বাংলাদেশের ক্রিকেটে তখন ঘোর অমানিশা। তার কোচিংয়ে ও ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে সেই সব দিন পেছনে ফেলে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট এখন যথেষ্টই উজ্জ্বল; সামনে তাকিয়ে আরও আলোর ছটা দেখতে পাচ্ছেন কোচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে বুধবার রাতে ঢাকা ফিরেন হাথুরুসিংহে। বৃহস্পতিবার বিসিবিতে এসে সেরেছেন জমে থাকা অনেক প্রশাসনিক কাজ। লম্বা সময় বৈঠক করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে।
বিসিবি এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এই মাস থেকে হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরু হয়ে গেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সামনে তাকিয়ে কোচ জানালেন, সিনিয়র ক্রিকেটাররা তাকে ভরসা দিচ্ছেন বড় স্বপ্ন দেখার।
গত দেড় বছরের পারফরম্যান্সে বাংলাদেশ আজ সীমিত ওভারে সমীহ জাগানিয়া শক্তি। তবে টেস্টে পারফরম্যান্স এখনও প্রশ্নবিদ্ধ।
আগামী ২ বছরে বেশ কটি টেস্ট খেলবে বাংলাদেশ, যার অনেকগুলিই দেশের বাইরে। সামনের পথচলায় এটিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন হাথুরুসিংহে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। অক্টোবর-নভেম্বরে খেলতে আসবে ইংল্যান্ড। ডিসেম্বর-জানুয়ারিতে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
