ব্যাটম্যান ও সুপারম্যানের মতো কোহলি-ডি ভিলিয়ার্স!
জস বাটলার দুজনকে তুলনা করেছিলেন সময়ের সেরা দুই ফুটবলারের সঙ্গে। বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের বর্ণনায় এবার আরেক ধাপ এগিয়ে গেলেন ক্রিস গেইল। রক্ত-মাংসের মানুষের সীমা ছাড়িয়ে গেইল দুজনের তুলনা করলেন সুপার হিরোদের সঙ্গে!
আইপিএলে কোহলি ও ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে সোমবার কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে উড়িয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিল ৬৭ বলে ১১৫।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে দুজনকে নতুন উচ্চতায় তুলে নিলেন আরেক বিধ্বংসী ব্যাটসম্যান গেইল।
“ওই দুজন খেলছে ব্যাটসম্যান ও সুপারম্যানের মতো। জীবনের সেরা ফর্মে আছে দুজন, বিশেষ করে কোহলি। ওদের উচিত এভাবেই চালিয়ে যাওয়া, তৃপ্ত না হওয়া এবং যত বেশি সম্ভব রান করা। বেঙ্গালুরুর জন্য এরা অতিমানবীয় পারফরম্যান্স করে যাচ্ছে।”
বেঙ্গালুরুর আগের ম্যাচেই ২২৯ রানের রেকর্ড জুটি গড়েছিলেন এই কোহলি ও ডি ভিলিয়ার্স। খুনে শতক করেছিলেন দুজনই। ওই ম্যাচের পরও স্তুতির বন্যায় ভেসেছিলেন দুজন। মুম্বাই ইন্ডিয়ান্সের ইংলিশ ক্রিকেটার জস বাটলার টুইট করেছিলেন, ‘এটা যেন একই দলে রোনালদো ও মেসি!’
এবারের আইপিএলে অসাধারণ ফর্মে আছেন দুজনই। এক আসরের রেকর্ড ৭৫২ রান করেছেন কোহলি, শতক ৩টি। ডি ভিলিয়ার্স ১টি সেঞ্চুরিতে করেছেন ৫৯৭ রান। অন্তত দুটি ম্যাচ আরও পাচ্ছেন দুজন।
উইকেটে দুজনের সঙ্গও পরস্পরের দারুণ পছন্দ। ২২৯ রানের রেকর্ড গড়ার আগের রেকর্ডটিও ছিল এই দুজনেরই। গত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গড়েছিলেন ২১৫ রানের জুটি।
এবারের আইপিএলেই দুজনের আরও দুটি জুটি আছে ১৫৭ ও ১৫৫ রানের!
