আইসিসির ক্রিকেট কমিটিতে দ্রাবিড়-জয়াবর্ধনে
আইসিসি ক্রিকেট কমিটিতে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় ও সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। টানা দ্বিতীয় মেয়াদে এই কমিটির চেয়ারম্যান থাকছেন ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৩ বছরের জন্য গঠিত ক্রিকেট কমিটির নাম জানিয়েছেন আইসিসি।
আইসিসি ক্রিকেট কমিটিতে বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দ্রাবিড়। একই কোটায় নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অফ স্পিনার ও আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন, ফিকার সাবেক প্রধান নির্বাহী টিম মে। ১০ টেস্ট খেলুড়ে দেশের অধিনায়কদের ভোটে নির্বাচিত হয়েছেন এই দুজন। আর জয়াবর্ধনে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে।
দ্রাবিড় ও মে স্থলাভিষিক্ত হয়েছেন কুমার সাঙ্গাকারা ও লক্ষ্মণ শিবারামাকৃষ্ণানের। জয়াবর্ধনে এসেছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মার্ক টেলরের জায়গায়। আগের তিনজনই পূরণ করেছেন ৩ বছরের মেয়াদ।
আম্পায়ারদের প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন তিনবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো।
আধুনিক ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয় আইসিসি ক্রিকেট কমিটি। ক্রিকেটের ভালো-মন্দ বিভিন্ন বিষয় নিয়ে আইসিসি প্রধান নির্বাহীদের কমিটিকে সুপারিশ করে থাকে ক্রিকেট কমিটি। সেসব সুপারিশ বোর্ড সভায় আলোচনা করে ব্যবস্থা নেয় আইসিসি।
নতুন কমিটির প্রথম সভা হবে আগামী ৩১ মে ও ১ জুন, লর্ডসে। এর তিন সপ্তাহ পর আইসিসির বার্ষিক সভা স্কটল্যান্ডের এডিনবরায়।
নতুন আইসিসি ক্রিকেট কমিটি (মেয়াদ ২০১৮ পর্যন্ত):
চেয়ারম্যান: অনিল কুম্বলে (সাবেক ভারতীয় অধিনায়ক)
পদাধিকার বলে: শশাঙ্ক মনোহর (আইসিসি চেয়ারম্যান) ও ডেভিড রিচার্ডসন (আইসিসি প্রধান নির্বাহী)
সাবেক ক্রিকেটারদের প্রতিনিধি: অ্যান্ড্রু স্ট্রাউস (সাবেক ইংল্যান্ড অধিনায়ক) ও মাহেলা জয়াবর্ধনে (সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক)
বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি : রাহুল দ্রাবিড় (সাবেক ভারতীয় অধিনায়ক), টিম মে (সাবেক অস্ট্রেলিয়ান অফ স্পিনার)
পূর্ণ সদস্য দেশের কোচ প্রতিনিধি: ড্যারেন লেম্যান (অস্ট্রেলিয়া কোচ)
সহযোগী দেশগুলোর প্রতিনিধি: কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড অলরাউন্ডার)
মেয়েদের ক্রিকেট প্রতিনিধি: ক্লেয়ার কনর (সাবেক ইংল্যান্ড অধিনায়ক)
পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি: ডেভিড হোয়াইট (নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নিবাহী)
গণমাধ্যম প্রতিনিধি: রবি শাস্ত্রী (সাবেক ভারতীয় অলরাউন্ডার ও ধারাভাষ্যকার)
আম্পায়ারদের প্রতিনিধি: রিচার্ড কেটেলবরো (আইসিসি এলিট প্যানেলের সদস্য)
ম্যাচ রেফারিদের প্রতিনিধি: রঞ্জন মাদুগালে (সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক ও আইসিসির প্রধান ম্যাচ রেফারি)
এমসিসি প্রতিনিধি: জন স্টিভেনসন (এমসিসির ক্রিকেট প্রধান)
