ইংল্যান্ডের টেস্ট দলে ২ নতুন মুখ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১২ জনের দলে দুই নতুন মুখ ব্যাটসম্যান জেমস ভিন্স ও পেসার জেইক বলকে রেখেছে ইংল্যান্ড।
উদ্বোধনী জুটিতে অধিনায়ক অ্যালেস্টার কুকের সঙ্গে অ্যালেক্স হেলসের ওপর আস্থা রাখে নির্বাচকরা। কাউন্টি ক্রিকেটে রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে নিক কম্পটনকে। তবে মিডলসেক্সের এই টপ অর্ডার ব্যাটসম্যান জাতীয় দলে জায়গা ধরে রেখেছেন।
শারীরিক কারণে অসময়ে অবসর নিতে হয়েছে জেমস টেইলরকে। তার জায়গায় পাঁচ নম্বরে খেলতে পারেন ভিন্স। তবে টপ অর্ডারেও খেলার সম্ভাবনা রয়েছে তার।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে ভিন্সের। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। তবে এবারই প্রথম টেস্ট দলে এলেন পেসার বল। সেই হিসেবে বল একেবারেই নতুন আন্তর্জাতিক অঙ্গনে।
নতুন মৌসুমে নিজেদের প্রথম টেস্টে আগামী ১৯ মে হেডিংলিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড।
ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, জেইক বল, স্টুয়ার্ট ব্রড, নিক কম্পটন, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, জো রুট, বেন স্টোকস, জেমস ভিন্স।
