২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থেমে গেল কোজিয়ারের কণ্ঠ

থেমে গেল টনি কোজিয়ারের কণ্ঠ। জন্মস্থান বার্বাডোজে বুধবার ৭৫ বছর বয়সে মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ধারাভাষ্যকার ও সাংবাদিক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 11:10 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

গত ৩ মে ঘাড় ও পায়ের সংক্রামনের পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ১ মে পত্রিকায় তার শেষ কলামটি ছাপা হয়।

তার মৃত্যুতে শোক জানিয়ে আইসিসি এক টুইটে বলে, “কোজিয়ার ছিলেন ক্রিকেটের অন্যতম সেরা কণ্ঠ। ক্রিকেট বিশ্বের জন্য এটা বিরাট একটি ক্ষতি।”

টিভি, রেডিও ও সাংবাদিকতায় কোজিয়ারের বিচরণ ছিল ৫৮ বছর।

১৯৪০ সালে ব্রিজটাউনে জন্ম নেওয়া কোজিয়ার কানাডার অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়ালেখা করেন। ১৯৫৮ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে লেখালেখি ও ধারাভাষ্য দেওয়া শুরু করেন। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে কাজ শুরু করেন ১৯৬৬ সালে।

বিবিসি, চ্যানেল নাইন ও স্কাইয়ের হয়ে ধারাভাষ্য দিয়ে গোটা ক্রিকেট বিশ্বে জনপ্রিয় ও পরিচিত একটি নাম হয়ে ওঠেন তিনি।

২০১১ সালে তাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানজনক আজীবন সদস্য করে নেওয়া হয়। বার্বাডোজের কেনসিংটন ওভালের প্রেসবক্স তার নামে রাখা হয়।