লিটনের রানে ফেরার অপেক্ষায় তামিম
লিটন দাসের সামর্থ্য নিয়ে কোন সংশয় নেই তামিম ইকবালের। আবাহনীর অধিনায়কের বিশ্বাস, শিগগির রানে ফিরবেন দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
গত মৌসুমে ব্যাটিংয়ে লিটন ছিলেন আবাহনীর সবচেয়ে বড় ভরসা। কার্যকর এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ধরে রেখেই এবার দল সাজায় শিরোপা প্রত্যাশীরা।
তবে এখন পর্যন্ত জ্বলে উঠেনি লিটনের ব্যাট। পাঁচ ম্যাচে একবারও ২০ পর্যন্ত যেতে পারেননি ২১ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার এবারের পাঁচটি ইনিংস এমন ১২, ৫, ১৫, ১৩, ১৯।
উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই। রানও হচ্ছে প্রচুর। পঞ্চম রাউন্ড শেষে টুর্নামেন্টে হয়েছে ১৪টি শতক। সেখানে গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটনকে লড়াই করতে হচ্ছে রানের জন্য।
গত মৌসুমে একটি শতকসহ ৬৮৬ রান করেছিলেন লিটন। ২০১৪ সালের ১১ ডিসেম্বর কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে ফতুল্লায় লিস্ট এ ক্রিকেটে নিজের প্রথম শতক করেন তিনি। সেই শতকের পর থেকে অবশ্য আর ঢাকা প্রিমিয়ার লিগে অর্ধশতক পর্যন্ত যেতে পারেননি তিনি।
প্রিমিয়ার লিগের আগে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলেন লিটন। সেই টুর্নামেন্টের শেষ ম্যাচে ৫১ ও অপরাজিত ১০৩ রানের দুটি চমৎকার ইনিংস খেলেন এই তরুণ। প্রথম শ্রেণির সেই টুর্নামেন্টে এর আগে ১২৮ রানের আরেকটি ভালো ইনিংস আসে তার ব্যাট থেকে।
বিসিএলের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেন লিটন। সেই টুর্নামেন্টেও রানের জন্য লড়াই করতে হয় তাকে। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৯ ম্যাচ খেলে করেন ১২৩ রান, ছিল না কোনো অর্ধশতক।
সেই টুর্নামেন্টের বাজে পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা হারান লিটন। এখন ঢাকা প্রিমিয়ার লিগেও তার ব্যাটে আলো নেই। তামিম মানছেন, লিটন ছন্দে নেই। তবে অধিনায়কের বিশ্বাস, একটা ভালো চারও ছন্দে ফেরাতে পারে সতীর্থকে।
“হ্যাঁ, লিটন খুব একটা ফর্মে নাই। কিন্তু আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, এটা একটা সিঙ্গেল ডেলিভারির উপর নির্ভর করে। একটা ভালো বলে একটা ভালো চার একটা ব্যাটসম্যানকে ফর্মে ফেরত নিয়ে আসতে পারে।”
সীমিত ওভারের ক্রিকেটে লম্বা সময় ধরে লিটনের রানে না থাকাটা ভাবাচ্ছে দলকে। তবে তামিমের বিশ্বাস, কয়েকটা বল ঠিকঠাক খেললেই স্বরূপে ফিরবেন লিটন।
“আমার বিশ্বাস দুই-তিনটা বল বা দশটা বল যদি ভালোভাবে ও ফেস করে তাহলে ও ফর্মে ফিরে আসবে। আর ওর ফর্মে ফেরা আমাদের দলের জন্য অনেক বড় জিনিস হবে। কারণ, ও দলের একজন মূল খেলোয়াড়। আমরা সবাই ওকে সাপোর্ট করি। আশা করি, ও খারাপ সময় ছেড়ে চলে আসবে।”
বড় রানের অপেক্ষায় আছেন তামিম নিজেও। নিজের ব্যাটিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন দেশের সেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান, “আমি নিজেও ৫০/৬০ করে আউট হয়ে যাচ্ছি। এমন উইকেটে বা আমি যে দলে খেলছি সে দলের জন্য একটা ভালো ম্যাসেজ না।”
