২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দরাবাদের জয়ে মিতব্যয়ী মুস্তাফিজ

নখ-কামড়ানো উত্তেজনার ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টকে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৪ রানের জয়ে মিতব্যয়ী বোলিংয়ে দারুণ অবদান রেখেছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 12:16 AM

Updated : 12 Apr 2022, 02:02 AM

মঙ্গলবার বিশাখাপত্তনমের ড. ওয়াই এস রাজাশেখরা রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান করে হায়দরাবাদ। দারুণ লড়ে ৮ উইকেটে ১৩৩ রান করে পুনে। 

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে রানের জন্য সংগ্রাম করতে হয় পুনের ব্যাটসম্যানদের। তবে সময় গড়ানোর সঙ্গে রানের গতি বাড়াতে থাকেন দলটির ব্যাটসম্যানরা।

চতুর্থ ওভারে উসমান খাওয়াজা রান আউট হয়ে যাওয়ার পর সবাইকে চমকে দিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে ব্যাটিংয়ে পাঠায় পুনে। জর্জ বেইলির (৩৪) সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান অশ্বিনই। ২৫ বলে ২৯ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি।

তবে দ্রুত বেইলি, অশ্বিন ও সৌরভ তিওয়ারির বিদায়ে আবার চাপে পড়ে যায় পুনে। সেখান থেকে দলকে আশা দেখান মহেন্দ্র সিং ধোনি ও থিসারা পেরেরা।

চার ওভারে ৪২ রান দরকার, এমন সময়ে নিজের তৃতীয় ওভারটি করতে এসে মাত্র ৫ রান দেন মুস্তাফিজ। কিন্তু প্রথম তিন ওভারে ৫ রান দেওয়া ভুবনেশ্বর কুমারের শেষ ওভারে ১৫ রান নিয়ে ম্যাচ অনেকটা নিজেদের দিকে নিয়ে আসেন ধোনি ও পেরেরা।

শেষ দুই ওভারে ২২ রান প্রয়োজন, এমন সময়ে নিজের চতুর্থ ওভারটি করতে আসেন মুস্তাফিজ। তার সেই ওভার থেকে ৮ রানের বেশি নিতে পারেনি ধোনি-থিসারার মতো বিস্ফোরক দুই ব্যাটসম্যান।

মুস্তাফিজ ১৯তম ওভারের পর ম্যাচ আবার হেলে পড়ে হায়দরাবাদের দিকে। জয়ের জন্য শেষ ওভারে পুনের প্রয়োজন ছিল ১৪ রান। আশিস নেহরার চতুর্থ বলে ছক্কা হাকিয়ে ধোনি প্রয়োজনটা নামিয়ে আনেন ২ বলে ছয় রানে।

পরের বলে ধোনির রান আউটে জয়ের পথে এগিয়ে যায় হায়দরাবাদ। শেষ বলে সজোরে হাঁকাতে গিয়ে নামান উইকেটের পেছনে ওঝার চমৎকার ডাইভিং ক্যাচে পরিণত হন অ্যাডাম জ্যামপা।

মুস্তাফিজের বোলিং ফিগার ৪-০-২৬-০; এটা দেখে বোঝার উপায় নেয় হায়দরাবাদের জয়ে তার অবদান কতটা। হায়দরাবাদের ইনিংসের শেষ চার ওভারের দুটি করেন মুস্তাফিজ। সেই দুই ওভারে কোনো উইকেট পাননি কিন্তু ১৩ রানের বেশি দেননি তিনি।

পুরো ম্যাচেই সমীহ করার মতো বল করেছেন মুস্তাফিজ। তরুণ এই বাঁহাতি পেসারের চার ওভার থেকে মাত্র একটি চার হাঁকাতে পেরেছেন পুনের ব্যাটসম্যানরা।

এর আগে শিখর ধাওয়ান (৩৩), কেন উইলিয়ামসন (৩২) ও যুবরাজ সিংয়ের (২৩) ব্যাটে লড়াইয়ের পুঁজি গড়ে হায়দরাবাদ। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি ওয়ার্নার। সর্বোচ্চ রান সংগ্রাহক ধাওয়ানও চড়াও হতে পারেননি পুনের বোলারদের ওপর।

এদিন আলো ছড়িয়েছেন পুনের অ্যাডাম জ্যামপা। হায়দরাবাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়া পতন হওয়া বাকি ছয় উইকেটেই নেন অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার। এজন্য তার খরচ হয় ১৯ রান। টি-টোয়েন্টিতে এই প্রথম কোনো ম্যাচে তিন উইকেটের বেশি পেলেন এই তরুণ বোলার।