২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরল রূপগঞ্জ

মোহামেডানের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৯ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 05:59 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৯ রান করে রূপগঞ্জ।

৮১ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি দলটির। চতুর্থ ওভারে পরপর দুই বলে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিককে ফিরিয়ে দেন আবু জায়েদ।

মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রানে ফেরার লড়াইয়ে থাকা সৌম্য সরকার। ৩০ বলে ২১ রান করেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। চলতি আসরে এটাই তার সর্বোচ্চ রান। রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক মোশাররফ হোসেন।

সাজ্জাদুল হকের সঙ্গে ২২.৫ ওভারে ১৩১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন আসিফ আহমেদ। ১০৬ বলে খেলা তার ৮২ রানের ইনিংসটি গড়া ৮টি চার ও দুটি ছক্কায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম অর্ধশতক পাওয়া সাজ্জাদুল ফিরেন ৭০ রান করে। তার ৭৮ বলের ইনিংসটি ৪টি চার ও তিনটি ছক্কা সমৃদ্ধ।

৫০ রানে চার উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার আবু জায়েদ।

দুই দফা বৃষ্টির জন্য লম্বা সময় খেলা বন্ধ থাকায় কলাবাগানের লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৭১ রান। তবে ৭ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি দলটি।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো কলাবাগান অ্যাকাডেমি কখনও জেতার সত্যিকারের সম্ভাবনা তৈরি করতে পারেনি।

পঞ্চদশ ওভারে ৮৫ রানের মধ্যে সাত উইকেট হারায় দলটি। শেষের দিকে তাপস ঘোষ ও বিশ্বনাথ হালদার চেষ্টা করলেও দলকে আর কক্ষপথে ফেরাতে পারেননি। অবিচ্ছিন্ন নবম উইকেটে তাদের ৫৬ রানের জুটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।  

রূপগঞ্জের নাহিদুল ইসলাম ও মোশাররফ দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৩৯/৯ (মিজানুর ১১, সৌম্য ২১, জুনায়েদ ০, মিঠুন ২৭, আসিফ ৮২, মোশাররফ ২, সাজ্জাদুল ৭০, আলাউদ্দিন ৯, নাহিদুল ১, হায়দার ৬*, তাইজুল ৩*; জায়েদ ৪/৫০, রিফাত ২/২৭, মেহেদি ২/২৯, মাহমুদুল ১/৫৮)

কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি: ২৫ ওভারে ১৪১/৭ (ইরফান ৭, মাইশুকুর ১১, আরাফাত ১০, মাহমুদুল ১২, মেহেদি ১৪, নুরুজ্জামান ১৩, তাপস ৩৭*, দিদার ৩, বিশ্বনাথ ৩২*; নাহিদুল ২/১৫, মোশাররফ ২/১৯, তাইজুল ১/১১, আসিফ ১/২১, আলাউদ্দিন ১/৩৮)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে লেজেন্ডস অব রূপগঞ্জ ২৯ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আসিফ আহমেদ।