কথা বলেই চলছে মুশফিকের ব্যাট
আগের ম্যাচে দারুণ এক শতকের পরও দেখতে হয়েছিল দলের হার। এবার অপরাজিত অর্ধশতকে দলের জয় সঙ্গে নিয়েই ফিরলেন মুশফিকুর রহিম।
উইকেট ভেজা থাকার কারণে আগের দিন স্থগিত হওয়া ম্যাচ ভালোমতোই শেষ হলো রিজার্ভ ডেতে। ফতুল্লায় লেজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে মুশফিকের মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দুই নাঈমের স্পিনে ম্যাচের প্রথম ভাগেই জয়ের কাজটা এগিয়ে রাখে মোহামেডান। অথচ শতরানের উদ্বোধনী জুটিতে রূপগঞ্জ পেয়েছিল দারুণ ভিত। পরে মোহামেডান স্পিনারদের দারুণ বোলিংয়ে বাকি সবাই মিলেও ছুঁতে পারেননি উদ্বোধনী জুটিকে।
নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সৌম্য সরকার এদিন নেমে যান তিনে। রূপগঞ্জের ইনিংস শুরু করেন মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক। নতুন দুই সঙ্গী প্রথম ম্যাচেই গড়েন ১০৭ রানের জুটি।
সাবধানী ব্যাটিংয়ে দুজনই অবশ্য সময় লাগিয়েছেন অনেকটা। বিশেষ করে জুনায়েদ ৩৯ রান করতে খেলে ফেলেন ৬৪ বল। ৭৬ বলে অর্ধশতক করা মিজানুর ফিরেছেন ৮৫ বলে ৬৩ রানে।
বাঁহাতি স্পিনে দুই ওপেনারকেই ফিরিয়েছেন নাঈম ইসলাম জুনিয়র। তাকে দেখে হয়ত অনুপ্রাণিত হয়ে ওঠেন নাঈম সিনিয়রও। অফ স্পিনে তিনিই নেন পরের দুটি উইকেট। ফেরান সৌম্য ও মিঠুনকে। দুটি ক্যাচই আবার নেন নাঈম জুনিয়র!
সৌম্য এদিন শুরুটা করেছিলেন ভালোই। কিন্তু যথারীতি বড় করতে পারেননি ইনিংস। ২ চার, ১ ছক্কায় ফিরেছেন ২০ রান করে।
রূপগঞ্জের ইনিংসে ততক্ষণে মড়ক লেগে গেছে। ৬৯ রানে হারায় তারা শেষ ৮ উইকেট।
প্রথম দুটির পর আরও দুটি উইকেট নেন নাঈম জুনিয়র। হাবিবুর রহমান নিয়েছেন ৩টি।
রান তাড়ায় মোহামেডানের শুরুটাও ছিল ভালো। ইজাজ আহমেদ ও সৈকত আলি উদ্বোধনী জুটিতে তোলেন ৫২ রান। তৃতীয় উইকেটে ফর্মে থাকা দুই ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও মুশফিকের ১০৬ রানের জুটিতে জয়ের কাছে চলে যায় মোহামেডান।
প্রথম ম্যাচে ৭২ রানের পর শ্রীলঙ্কান ব্যাটসম্যান থারাঙ্গা এবার করেছেন ৭১। মুশফিক অপরাজিত থাকেন ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করে।
আগের ২ ইনিংসে মুশফিকের রান ছিল ৭২ ও ১০৪। লিগের তিন রাউন্ড শেষে সবচেয়ে বেশি রান তারই, ১১৩.৫০ গড়ে ২২৭।
শেষ দিকে ৩ ছক্কায় আরিফুল হকের ২৪ রানে মোহামেডান জিতে যায় ২৪ বল বাকি রেখেই।
তিন ম্যাচে মোহামেডানের এটি দ্বিতীয় জয়। রূপগঞ্জের জয়-হার-টাই, সবই একটি করে।
চার উইকেটের পাশাপাশি তিনটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা নাঈম জুনিয়র।
সংক্ষিপ্ত স্কোর:
রূপগঞ্জ: ৪৯.৩ ওভারে ২১২ (মিজানুর ৬৩, জুনায়েদ ৩৯, সৌম্য ২০, মিঠুন ৯, আসিফ ১৪, নাহিদুল ৬, মোশাররফ ২৪, আলাউদ্দিন ১, তাইজুল ১২, আবু হায়দার ৬*, মুরাদ ১; শুভাশিস ১/৩২, হাবিবুর ৩/২৬, সৈকত ০/১৩, এনামুল জুনিয়র ০/৪৮, নাঈম ২/৩৮, নাঈম জুনিয়র ৪/৪৮)।
মোহমেডান: ৪৬ ওভারে ২১৫/৩ (সৈকত ৩৪, ইজাজ ২৬, থারাঙ্গা ৭১, মুশফিক ৫১*, আরিফুল ২৪*; মোশাররফ ০/২৮, মুরাদ ১/৪১, আবু হায়দার ১/২৮, তাইজুল ০/৪৩, আসিফ ১/২৬, নাহিদুল ০/২৮, সৌম্য ০/২০)
ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নাঈম ইসলাম জুনিয়র।
