২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক-মিলনের ব্যাটে মোহামেডানের জয়

টি-টোয়েন্টি থেকে ৫০ ওভারের সংস্করণে ফিরতেই মুশফিকুর রহিমের ব্যাটে ফিরল রান। শ্রীলঙ্কার উপুল থারাঙ্গাও পেলেন রান। ঘরোয়া ক্রিকেটে ‘ছক্কা মিলন’ খ্যাত নাজমুল হোসেন মিলনের ব্যাটে উঠল ঝড়। ব্রাদার্স ইউনিয়নকে অনায়াসে হারিয়ে যাত্রা শুরু করল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 07:08 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

ঢাকা প্রিমিয়ার লিগে দুই পুরোনো ক্লাবের লড়াইয়ে ৭৮ রানে জিতেছে মোহামেডান। ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৫ রান তুলেছিল মতিঝিলের ক্লাবটি। ১ বল বাকি থাকতে ব্রাদার্স অল আউট হয়েছে ২০৭ রানে।

প্রথম ম্যাচের মতো মিরপুর শের-ই-বাংলার উইকেট এদিনও ছিল ব্যাটিং স্বর্গ। টস জিতে বোলিং নিয়েছিল ব্রাদার্স, ২১ রানের মধ্যে মোহামেডানের দুই ওপেনারকে ফিরিয়ে শুরুর হাসিও তাদের। তবে সেই হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে মুশফিক ও থারাঙ্গার ব্যাটে।

বেশ কিছুদিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন মুশফিক। তবে রানে ছিলেন না বলাও মুশকিল, এই সংস্করণে তো ফর্মেই ছিলেন। ওয়ানডেতে বাংলাদেশের সবশেষ সিরিজেও আছে দারুণ এক সেঞ্চুরি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে গত নভেম্বরে সেই সিরিজের পর থেকেই বাংলাদেশ শুধু খেলেছে টি-টোয়েন্টি, আর মুশফিক ছিলেন নিষ্প্রভ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, বিপিএল, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, চার টুর্নামেন্টের ২৬ ম্যাচ মিলিয়ে ছিল মোটে একটি ফিফটি। টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডার শেষে এসে ঠেকেছিল সাত-আটে! বরাবরই পরিশ্রমী মুশফিক এবারও অনুশীলনে ঘাম ঝরিয়েছেন প্রচুর। ৫০ ওভারের ক্রিকেটে ফিরে পেলেন রানের দেখাও। রোববার ব্রাদার্সের বিপক্ষে ছিলেন সাবলীল।

উইকেটে যাওয়ার খানিক পরই মুশফিক দুটি চার মারেন মোহাম্মদ শহিদকে। পেয়ে যান ছন্দও। অর্ধশতক স্পর্শ করেন ৬১ বলে। আগেও মোহামেডানে খেলে যাওয়া থারাঙ্গা এবার প্রথম ম্যাচে ৬৭ বলে করলেন অর্ধশতক।

অর্ধশতকের পর রানের গতি বাড়ান দুই ব্যাটসম্যানই। দুজন আউটও হয়েছেন প্রায় একই সঙ্গে। বাঁহাতি স্পিনার আসিফের বলে কটবিহাইন্ড মুশফিক (৮০ বলে ৭২)। দ্বিতীয় উইকেটে জুটি ছিল ১৪৯ বলে ১৩৫ রানের।

এক বল পরই অনিয়মিত স্পিনার তুষার ইমরানের বলে আউট থারাঙ্গা (৮১ বলে ৭০)। পাঁচে নেমে সুবিধা করতে পারেননি নাঈম ইসলাম। দ্রুত তিন উইকেট হারিয়ে ভাটা নামে রানের গতিতেও।

আরিফুল হককে নিয়ে আবার জোয়ার আনেন মিলন। ৪৭ বলে ৪১ করে ফেরেন আরিফুল। শেষ ৪ ওভারে রীতিমত তান্ডব চালান মিলন। ঘরোয়া ক্রিকেটে বরাবরই ‘বিগ হিটার’ হিসেবে পরিচিতি থাকলেও ধারাবাহিক হতে পারেননি কখনোই। তবে এদিন ছিলেন নিজের সেরা চেহারায়।

মিলনের ঝড়ে শেষ ৫ ওভারে ৬৮ রান তোলে মোহামেডান। সপ্তম উইকেটে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে মিলনের সঙ্গী হাবিবুর রহমানের অবদান মাত্র ৬! ৫টি চার ও ৪ ছক্কায় ৪১ বলে ৭০ করে অপরাজিত মিলন।

ব্যাটিং উইকেটে ২৮৬ রান অবশ্য ধরাছোঁয়ার বাইরে ছিল না মোটেও। ব্রাদার্সের ব্যাটিং লাইন আপও অভিজ্ঞ সব ব্যাটসম্যানে সমৃদ্ধ। তবে বড় ধাক্কা খায় দলটি প্রথম ওভারেই। ইনিংসের তৃতীয় বলেই আউট ইমরুল কায়েস, শুভাশিস রায়ের ফুল লেংথ বল পড়তে ভুল করে ছেড়ে দিয়ে এলবিডব্লিউ ‘আইকন’ ক্রিকেটার।

দৃষ্টিনন্দন কয়েকটি শটে শুরু করলেও পরে গুটিয়ে যান অভিজ্ঞ নাফিস ইকবাল। অধিনায়ক শাহরিয়ার নাফিস ও জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামসও ব্যর্থ। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ব্রাদার্স। প্রচণ্ড গরমেও পেসার শুভাশিসের প্রথম স্পেলটি ছিল দুর্দান্ত, ৬-৩-১৩-২।

এরপর ব্রাদার্সের লড়াই ছিল শুধু ব্যবধান কমানোর। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা জাকির হাসান লিস্ট ‘এ’ অভিষেকে নিজের প্রতিভা আর টেম্পারামেন্টের প্রমাণ রেখে করেন অর্ধশতক। ৬১ রানের ইনিংসে চমৎকার কিছু স্কয়ার ও কাভার ড্রাইভের পাশাপাশি ছিল ওয়াইড লং অন দিয়ে তিনটি দারুণ ছক্কা।

আরেক অভিষিক্ত নূর আলম দুই ছক্কায় করেন ৩৬। কোনো রকমে দুইশ’ ছাড়ায় ব্রাদার্স।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান: ৫০ ওভারে ২৮৫/৬ (সৈকত ৮, ইজাজ ০, থারাঙ্গা ৭০, মুশফিক ৭২, নাইম ৮, আরিফুল ৪১, মিলন ৭০*, হাবিবুর ৬*; শহিদ ২/৫৮, নূর আলম ১/৪২, নাবিল ০/৫২, ইফতেখার ০/২৯, আসিফ ২/৪৪, উইলিয়ামস ০/৫১, তুষার ১/৫)।

ব্রাদার্স: ৪৯.১ ওভারে ২০৭ (ইমরুল ০, নাফিস ২৬, শাহরিয়ার ৪, উইলিয়ামস ৮, তুষার ১১, জাকির ৬১, ইফতেখার ২৯, নূর আলম ৩৬, শহিদ ২, আসিফ ১২*, নাবিল ৩; শুভাশিস ৩/২৮, আরিফুল ০/২১, হাবিবুর ২/২২, নাইম জুনিয়র ১/৩১, এনামুল জুনিয়র ২/৫১, নাইম ১/৩৭, সৈকত ০১৫)।

ফল: মোহামেডান ৭৮ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন মিলন