প্রথম দিনই ৬ উইকেট নিলেন জুবায়ের
এবারের ঢাকা প্রিমিয়ার লিগ জুবায়ের হোসেনের জন্য সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার লড়াই। সেই লড়াইয়ে প্রথম পদক্ষেপেই এগিয়ে গেলেন অনেকটা। লিগের প্রথম দিনেই তরুণ লেগ স্পিনার নিয়েছেন ৬ উইকেট!
শুক্রবার ফতুল্লায় আবাহনীর হয়ে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৩৪ রানে ৬ উইকেট নিয়েছেন জুবায়ের। নিজের প্রথম ওভারেই দারুণ খেলতে থাকা হ্যামিল্টন মাসাকাদজাকে আউট করে জুবায়ের শুরু করেন শিকার। ৪১ রান করে মাসাকাদজা বোল্ড হন গুগলিতে।
১০ ওভারের টানা স্পেলে জুবায়ের একে একে আউট করেছেন মেহরাব হোসেন জুনিয়র, শরিফুল্লাহ, তানভীর হায়দার ও আব্দুর রাজ্জাককে। নিজের শেষ ওভারে নিহাদুজ্জামানকে আউট করে গুটিয়ে দিয়েছেন কলাবাগান ইনিংস, ক্যারিয়ারে প্রথমবার পেয়েছেন ৬ উইকেট।
আগের ৭টি লিস্ট ‘এ’ ম্যাচে জুবায়েরের উইকেট ছিল ১১টি, ম্যাচে ২ উইকেটের বেশি পাননি একবারও। এবার তিনি নতুন রূপে। মাশরাফি বিন মুর্তজার কলাবাগান গুটিয়ে গেছে মাত্র ১৩৩ রানেই।
গত ঢাকা লিগে এই আবাহানীতেই ছিলেন জুবায়ের, মৌসুম জুড়ে হাপিত্যেশ করে মরেছেন একাদশে সুযোগ পেতে। লিগের একদম শেষ দিকে সুযোগ পেয়েছিলেন স্রেফ একটি ম্যাচে। এবার খুব করে চাইছিলেন একটু বেশি সুযোগ। কোচ খালেদ মাহমুদ ক’দিন আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ‘একজন লেগ স্পিনার হতে পারে দলের সেরা অস্ত্র। এবার পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে জুবায়েরকে।”
প্রথম ম্যাচেই তরুণ লেগ স্পিনার নিশ্চিত করলেন, এবার পর্যাপ্ত সুযোগ দিতেই হবে তাকে!
