২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের সংস্কৃতি ক্লাবেও আনতে চান তামিম

উন্নতির ধারায় থাকা বাংলাদেশ দলে বদলে গেছে অনেক কিছুই। পরিবর্তন এসেছে ড্রেসিং রুমের সংস্কৃতি, পরিবেশ, মাঠের ভেতরে-বাইরে ক্রিকেটারদের শরীরী ভাষায়। সেই বদলের ছোঁয়া প্রিমিয়ার লিগের ক্লাবের দলগুলোতেও দেখতে চান তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 07:35 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

তামিমের মতে, জাতীয় দলের সঙ্গে ক্লাবের সেতুবন্ধ হতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররাই। শুক্রবার থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগের ১২টি দলে ছড়িয়ে-ছিটিয়ে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, দায়িত্বটা নিতে হবে জাতীয় দলের এই ক্রিকেটারদেরই।

“আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের দায়িত্ব আছে। বাংলাদেশ দল যেভাবে এখন পারফর্ম করছে আন্তর্জাতিক ক্রিকেটে, যেভাবে আমরা পরিকল্পনা করি, হাঁটাচলা থেকে শুরু করে শরীরী ভাষা সব কিছু, যেভাবে আমরা উন্নতি করেছি, আমাদের দায়িত্ব প্রিমিয়ারের ১২টি ক্লাবে সেই ব্যাপারগুলো নিয়ে যাওয়া।”

এবারের প্রিমিয়ার লিগে আবাহনীকে নেতৃত্ব দেবেন তামিম। নিজ ক্লাবের ড্রেসিং রুমে তিনি আনতে চান জাতীয় দলের আবহ। সেই তাগিদ দিলেন জাতীয় ক্রিকেটারদের অন্য সবাইকেও।

“লিগের একজন ক্রিকেটার যখন জাতীয় দলে আসবে, তখন যেন সে চমকে না যায়। তার যেন মনে না হয় যে নতুন কোথাও এসে পড়েছে। ড্রেসিং রুমের সংস্কৃতি, জাতীয় দলের সেই আবহটা আমরা যদি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে আনতে পারি, বাংলাদেশের ক্রিকেট লাভবান হবে। এটা তাই জাতীয় দলের আমাদের সবার দায়িত্ব।”

ক্লাব ক্রিকেটে জাতীয় দলের মতো অতটা সুযোগ-সুবিধা নেই। আছে অনেক সীমবদ্ধতা, ক্লাবগুলোর নেই বলার মত কোনো অবকাঠামো। কোচিং স্টাফও নয় ততটা সমৃদ্ধ। সীমবদ্ধতাগুলো মেনেই বাংলাদেশের টেস্ট সহ-অধিনায়ক জোর দিচ্ছেন মানসিকতার উন্নতিতে।

“কাজটা কঠিন তো বটেই। তবে আমি বলছি মাইন্ডসেটের কথা। আগে যেমন ৫০-৬০ হলে একজন ব্যাটসম্যান সন্তুষ্ট হয়ে যেত, এখন সে সব হয় না। এরকম আরও কিছু ব্যাপার। আমরা আমাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারি। লিগের ৫-১০ জন ক্রিকেটারও যদি কিছু শেখে, সেটাও অনেক বড় লাভ।”

পুরনো খবর:

দাবদাহে শঙ্কা তামিম-মাশরাফির
মাশরাফি-তামিমের কাছে ঢাকা লিগই সবচেয়ে গুরুত্বপূর্ণ