মাশরাফির কাছ থেকে শিখছেন তামিম
শুক্রবার দুজন হবেন প্রতিপক্ষ, তবে আগের দিন আড্ডার সঙ্গী। বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদকর্মীদের সঙ্গে তুমুল আড্ডা জমিয়েছিলেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল ও কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। লিগের প্রথম দিনই মুখোমুখি দুজন, আড্ডার ফাঁকে হলো কিছু আনুষ্ঠানিক কথাও। সেখানে প্রশ্নকর্তার ভূমিকায় মাশরাফি!
লিগ নিয়ে তখন তার ভাবনার কথা জানাচ্ছিলেন তামিম। পাশেই বসা মাশরাফি আচমকা বললেন, ‘আমার একটি প্রশ্ন আছে!’ তামিম তাকালেন জিজ্ঞাসু দৃষ্টিতে। হাসিমুখে মাশরাফির প্রশ্ন, ‘আপনি কি অধিনায়ক?’ হাসিমুখে তামিমের উত্তর, ‘হ্যাঁ, গতকাল রাতেই আমাকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে!’
এবার সংবাদকর্মীদের মতোই সিরিয়াস কণ্ঠে মাশরাফির প্রশ্ন, ‘অধিনায়কত্ব কতটা উপভোগ করছেন?’
পর দিন মাশরাফির দলের বিপক্ষেই তামিমদের ম্যাচ। তার উত্তরটাও হলো চটুল, ‘কালকের ম্যাচের পর বুঝতে পারব, কতটা উপভোগ করছি!’
পর মুহূর্তেই অবশ্য আরও গভীরে গেলেন তামিম।
“সত্যি বলতে, এই জিনিসটা (নেতৃত্ব) নিয়ে আমি এখনও থিতু নই। এখনও অনেক শিখতে হবে। খুব বেশি অধিনায়কত্ব আগে করিনি, সম্প্রতি কয়েকটি টুর্নামেন্টে করেছি। এটাও ব্যাটিংয়ের মত, যত বেশি ম্যাচে নেতৃত্ব দেব, তত বেশি উন্নতি হবে।”
নেতৃত্ব নিয়ে আরেকটি প্রশ্নের উত্তরেও তামিম টেনে আনলেন মাশরাফিকে। জানালেন, জাতীয় দলের অধিনায়কের কাছ থেকেই শিখছেন অনেক কিছু।
“তার (মাশরাফি) কাছ থেকে শিখতে পারা হবে সবচেয়ে ভালো। জাতীয় দলে খেলার সময় আমি নিজেকে মনে করি ‘ভেরি গুড সাপোর্টিং হ্যান্ড’, অনেক আইডিয়া দেই। তবে নিজে অধিনায়কত্ব করা পুরোই ভিন্ন। আমি টুকটাক অনেক কিছুই অনেক সময় উনার সঙ্গে আলোচনা করতে পছন্দ করি। কালকের ম্যাচেও উনাকে দেখে শেখার চেষ্টা করব। উনার ইতিবাচক দিকগুলো সবসময় নিতে চেষ্টা করি।”
শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে ফতু্ল্লায় মুখোমুখি হবে তামিমের আবাহনী ও মাশরাফির কলাবাগান।
