পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম
গত কিছু দিনের ঘটনা প্রবাহ এসে মিলল অনুমিত বিন্দুতে। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেটে নানা পালাবদলের ধারাবাহিকতায় এল এই পরিবর্তন। সদ্য পদত্যাগ করা কোচ ওয়াকার ইউনুসের পরামর্শ ছিল ইনজামামকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়ার।
গত অক্টোবর থেকে আফগানিস্তান জাতীয় দলের কোচ ছিলেন ইনজামাম, চুক্তির মেয়াদ ছিল আগামী ডিসেম্বর পর্যন্ত। কিন্তু পিসিবি প্রধান শাহরিয়ার খান আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধানকে অনুরোধ জানান ইনজামামকে ছেড়ে দিতে।
গত শনিবার এসিবি প্রধান শফিক স্তানিকজাই জানান, নিজ দেশের প্রয়োজনের ইনজামামকে ছাড়তে রাজি তারা। তখনই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ইনজামামের নতুন দায়িত্ব। সোমবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ২০০৮ সালে ইনজামাম খেলেছিলেন বিদ্রোহী লিগ বলে পরিচিত আইসিএলে। তার পর ক্রিকেট থেকে দূরে ছিলেন বেশ কিছুদিন। ব্যস্ত ছিলেন ধর্মকর্ম ও ব্যবসা নিয়ে। পরে ২০১২-১৩ মৌসুমে কিছুদিনের জন্য ছিলেন পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টা। সবশেষে আফগানিস্তানের কোচ হিসেবে সংক্ষিপ্ত সময়ে দলকে এনে দিয়েছেন দারুণ সাফল্য।
নতুন নির্বাচক কমিটিতে ইনজামামের সঙ্গী তার সাবেক সতীর্থ ওপেনার ওয়াজাহাতুল্লা ওয়াস্তি, ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে জোড়া শতকের পরও দীর্ঘ হয়নি যার আন্তর্জাতিক ক্যারিয়ার। আরও আছেন সাবেক অফ স্পিনার তৌসিফ আহমেদ ও সাবেক পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম হায়দার।
পাকিস্তানের পরবর্তী সিরিজ আসছে জুলাইয়ে, ইংল্যান্ড সফরে খেলবে তারা চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি।
