অস্ট্রেলিয়া সফর পর্যন্ত থাকার ভাবনা মিসবাহর
এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার কথা ভাবছেন মিসবাহ-উল-হক। তবে ফর্ম ও ফিটনেসের উপর খেলা নির্ভর করছে বলেও জানান পাকিস্তানের টেস্ট অধিনায়ক।
আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। আর বছরের শেষে অস্ট্রেলিয়া সফরের আগে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ডে বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে তারা।
গত জানুয়ারিতে পায়ের পিছনের পেশিতে চোট পেয়েছিলেন মিসবাহ। চোট কাটিয়ে সেরে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভালো আছি এবং আশা করি, ভবিষ্যতে এই চোট নিয়ে আর সমস্যা হবে না।”
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজেকে ঝালিয়ে নিতে এ সপ্তাহে শুরু হতে যাওয়া পাকিস্তান কাপে খেলবেন মিসবাহ। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১৪ জুলাই শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতি সারতে ‘এ’ দলের হয়ে খেলতে আগেভাগে ইংল্যান্ডে যাওয়ার কথাও ভাবছেন তিনি।
“অলস বসে থাকা খুব কঠিন, কিন্তু আমি ইংল্যান্ডে সিরিজ খেলার ব্যাপারে মনস্থির করেছি।”
গত নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ এ জেতা টেস্ট সিরিজ শেষেই মিসবাহর অবসর নেওয়ার ইঙ্গিত ছিল। কিন্তু পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান অভিজ্ঞ এই ক্রিকেটারকে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
“যদি আমি ইংল্যান্ড সিরিজ খেলতে পারি তাহলে এরপর কাছাকাছি সময়ের মধ্যে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজেও আমার খেলা উচিত। আমি অবশ্য সবকটি সিরিজেই খেলার ব্যাপারে নিশ্চিত কিন্তু তা আমার ফর্ম ও ফিটনেসের উপরও নির্ভর করছে। যদি তা পড়ে যায় তাহলে দলের উপর বোঝা না হয়ে আমি চলে যাব।”
তরুণদের গড়ে ওঠার সময় দিতেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেলতে চান ৪২ বছর বয়সী এই ক্রিকেটার।
“আশা করি, আমার চলে যাওয়ার আগে পাকিস্তান টেস্ট দল নিরাপদ হাতে থাকবে এবং তারা শক্তভাবে নিজেদের পায়ে দাঁড়াবে। দলের অবস্থা দৃঢ় হলে আমার জায়গায় নতুন অধিনায়ক আসলেও কোনো পার্থক্য চোখে পড়বে না।”
