২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠ হবে স্যামির নামে

ছোট্ট দ্বীপ সেন্ট লুসিয়ার প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হওয়া প্রথম সেন্ট লুসিয়ান ক্রিকেটারও তিনিই। নেতৃত্ব দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জেতালেন দুটি বিশ্বকাপ। ঘরের ছেলের কৃতিত্বে দারুণ সম্মান উপহার দিল সেন্ট লুসিয়া। তাদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম হবে স্যামির নামে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 04:49 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর বিশ্বজয়ী দলে সেন্ট লুসিয়ার দুই ক্রিকেটার স্যামি ও জনসন চার্লসের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলেন দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী কেনি ডি অ্যান্থনি। সেখানেই দেওয়া হয় ঘোষণা। সেন্ট লুসিয়ার বোশেজো ক্রিকেট গ্রাউন্ডের নাম বদলে নামকরণ করা হবে স্যামির নামে।

প্রাপ্তি আছে চার্লসেরও। তার নামে নামকরণ হবে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের। এছাড়া সরকারের কাছ থেকে এক খণ্ড জমিও পাচ্ছেন আক্রমণাত্মক এই ওপেনার।

নিজের নামে স্টেডিয়ামের নামকরণে স্বাভাবিকভাবেই স্যামি ছিলেন উচ্ছ্বসিত।

“আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও সৌভাগ্যবান। ধন্যবাদ, আমরা সবসময়ই জানি সেন্ট লুসিয়ানরা নিজেদের ভালোবাসে। বিমানবন্দরে যে ভালোবাসা, সম্মান ও প্রশংসা আমি পেয়েছি, ওহ ঈশ্বর, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।”

ওয়েস্ট ইন্ডিজের অন্যতম আধুনিক স্টেডিয়াম এই বোশেজো ক্রিকেট গ্রাউন্ড। ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয়ে আসছে ২০০২ সাল থেকে। ক্যারিবিয়ায় প্রথম ফ্লাড লাইটে খেলা হয়েছে এই মাঠেই।