২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শর্ট অব ব্রেইন’ তকমাই স্যামিদের চালিকাশক্তি!

বুকে পুষে রাখা ভিসুভিয়াস জ্বলছে দাউ দাউ করে। সেই ক্ষোভের আগুনে পুড়েছে প্রতিপক্ষ। ড্যারেন স্যামি শোনালেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্য গল্প। একজনের একটি মন্তব্যই তাতিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 06:32 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

সাবেক ইংলিশ অলরাউন্ডার ও এখন জনপ্রিয় ধারাভাষ্যকার মার্ক নিকোলাস বিশ্বকাপের আগে ইএসপিএন ক্রিকইনফোতে তার কলামে লিখেছিলেন, “শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ দলে ক্লাসের অভাব, তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে ঠিকঠাক। ক্যারিবিয়ানদের অভাব বোধ-বুদ্ধির (শর্ট অব ব্রেইন), তবে আইপিএলের ইতিহাস পক্ষে আছে তাদের।”

নিকোলাসের এই লেখা আহত করেছিল ক্যারিবিয়ান ক্রিকেটারদের। এই দলের ক্রিকেটাররা অর্থলিপ্সু বলে আরও অনেকের মন্তব্যও স্যামিদের মনে জাগিয়েছে ক্ষোভের বারুদ। সেটারই বিস্ফোরণ ঘটেছে মাঠে, ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে জানালেন ক্যারিবিয়ান অধিনায়ক।

“ব্রেইন ছাড়া মানুষ আপনি কিভাবে বলতে পারেন? এমনকি পশুদেরও ব্রেইন আছে। আমরা কোনো বস্তু বা পদার্থ নই। আমার মতে, এই মন্তব্যই আমাদের তাতিয়ে দিয়েছে। এমন একজন, যাকে আমি খুব শ্রদ্ধা করি, সম্পর্কও এমনিতে খুব ভালো, তার কাছ থেকে আমাদের দল ব্রেইন ছাড়া -এমন মন্তব্য শোনা খুবই কষ্টের ব্যাপার। এটা সত্যিই অনাকাঙ্ক্ষিত।”

“এই আবেগ, এই অনুভূতি, এই ক্ষোভ-এই সব লোকেরা যা বলে আসছে-টুর্নামেন্টের শুরু থেকেই এসব চলছে। ঈশ্বর কুৎসিত কিছু পছন্দ করেন না, আমরা বিস্ময়কর ও সুন্দরভাবে সৃষ্ট। এজন্যই আমরা রোমাঞ্চকর ক্রিকেট খেলি। এজন্যই টুর্নামেন্টের আগে এসব যা কিছু হয়েছে, সেই আবেগ, সেই প্রতিজ্ঞা আমরা মাঠে বয়ে নিয়েছি। ট্রফি উঁচিয়ে ধরা থেকে আমরা মাত্র একটি পদক্ষেপ দূরে এবং আমাদের বিশ্বাস, আমরা পারব।”

পুরনো খবর:

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভয়ডরহীন ইংল্যান্ড ও সহজাত উইন্ডিজ
আবার গোলিয়াথ বধ করতে চান স্যামি
সিমন্সের সাফল্যের রহস্য ঘুম!