আবার গোলিয়াথ বধ করতে চান স্যামি
শক্তির দিক থেকে ইংল্যান্ডের চেয়ে নিজেদের পিছিয়ে রাখছেন ড্যারেন স্যামি। তবে ফাইনালে প্রতিপক্ষকে বধ করতেও প্রবল আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
আগামী রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগের দিন নিজের দর্শন নিয়ে বলেন স্যামি।
“আমরা সব সময় ডেভিড (ডেভিড এবং গোলিয়াথের)। ডেভিড একজন বিজয়ী।”
এর আগে ভারতের বিপক্ষে সেমি-ফাইনালেও দুই দলের শক্তির পার্থক্য বোঝাতে ডেভিড-গোলিয়াথের প্রসঙ্গ টেনে এনেছিলেন স্যামি।
শেষ চারের ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারানোর পর সেই প্রসঙ্গেই আবার ফিরেন স্যামি, “আমি এখনও মনে করি না মানুষ আমাদের কোনো সুযোগ দেবে।”
তবে শেষ হাসি যে ওয়েস্ট ইন্ডিজ হাসবে তাতে কোনো সংশয় নেই অধিনায়কের, “দেখুন, গোলিয়াথ ছিল বিশাল ও শক্তিশালী। কিন্তু ডেভিড তাকে গুলতি দিয়ে এক প্রচেষ্টায় হারায়।”
ফাইনালে ইংল্যান্ডকে হারাতে স্যামির কৌশলও এটাই, “আমরা সব সময় নিজেদের ডেভিড হিসেবে দেখি। আমরা ডেভিডের মতো খেলব, এই ব্যাপারে আমাদের বুদ্ধিমান হতে হবে। নিজের এবং পরস্পরের উপর আস্থা রাখতে হবে।”
