২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের ফাইনালের আগে উড়ছে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা জয়ের জন্য উন্মুখ হয়ে আছে ইংল্যান্ড। টপ অর্ডার ব্যাটসম্যান জো রুট জানিয়েছেন, স্বপ্নের ফাইনালে খেলার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 05:50 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

আগামী রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে শিরোপা নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। তার আগের দিন ফাইনাল নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান রুট। 

“ছোট বেলায় আপনি কেবল বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখতে পারেন। ... গত দুই দিন ধরে আমি ড্রেসিং রুম, বাসে সতীর্থদের দেখছি, তারা সবাই শুধু হাসছে।”  

গ্রুপ পর্বের সব ম্যাচ জেতা নিউ জিল্যান্ডকে সেমি-ফাইনালে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছানোর পর হাসতেই পারেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর ওয়েন মর্গ্যানের দল যেভাবে এগিয়েছে তাতে সময়টা তাদের জন্য আরও উপভোগ্য হয়ে উঠারই কথা।

নিজেদের প্রথম ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য দিয়েও ক্রিস গেইল ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে হারে ইংল্যান্ড। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩০ রানের লক্ষ্য তাড়া করে ঘুরে দাঁড়ায় দলটি।

ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া সেই জয়ের পর আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারে পৌঁছায় ইংল্যান্ড। তারপর নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ছয় বছর পর আবার ফাইনালে পৌঁছায় ২০১০ আসরের চ্যাম্পিয়নরা।

টুর্নামেন্টে ইংল্যান্ডের এগিয়ে চলায় বড় অবদান ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। কেবল আফগানিস্তান ম্যাচ ব্যতিক্রম, এছাড়া সব ম্যাচেই দেখা গেছে তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনী।

সুপার টেন থেকে ইংল্যান্ডই একমাত্র দল যারা ওভার প্রতি নয়ের বেশি রান সংগ্রহ করে। ৯.১২ করে রান নেওয়া দলটি বেশ এগিয়ে আছে ফাইনালের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের (৭.৭৮) চেয়ে।

ইংল্যান্ডের ব্যাটসম্যানরা শুধু যে চার-ছয়ের দিকেই মনোযোগী ছিলেন এমন না। ডট বল কম দেওয়ার দিকেও মনোযোগী ছিলেন তারা। দক্ষিণ আফ্রিকার (৩৩.৪৮) পর টুর্নামেন্টে সবচেয়ে কম বল ডট দেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা (৩৩.৮৫)।

অন্যদিকে ডট বল দেওয়ার ক্ষেত্রে টুর্নামেন্টে সবচেয়ে বেশি এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা (৪৫.৪৪)। তবে চার-ছক্কা হাঁকিয়ে অন্য দলের সঙ্গে এই ব্যবধান পুষিয়ে নেয় ড্যারেন স্যামির দল। ইংল্যান্ডের বিপক্ষে সেটা খুব একটা সম্ভব নাও হতে পারে।

ছক্কা হাঁকানোতে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে খুব একটা পিছিয়ে নেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সুপার টেনে সবচেয়ে বেশি ৩৬টি ছক্কা হাঁকিয়ে সবার ওপরে আছেন গেইল-লেন্ডল সিমন্সরা। ৩৪টি ছক্কায় তাদের ঠিক পরেই আছেন জেসন রয়-জস বাটলাররা।

দুই দলেই আছে বিস্ফোরক সব ব্যাটসম্যান। কলকাতায় তাই রয়েছে রোমাঞ্চকর লড়াইয়ের আভাস। ক্রিকেট বিশ্বের মতো তার অপেক্ষায় আছেন ইংল্যান্ডের ক্রিকেটাররাও, “আমার মনে হয়, ফাইনাল নিয়ে সবাই রোমাঞ্চিত। রোববারের ম্যাচের জন্য কারোর তর সইছে না।”

পুরনো খবর:

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভয়ডরহীন ইংল্যান্ড ও সহজাত উইন্ডিজ
আবার গোলিয়াথ বধ করতে চান স্যামি
সিমন্সের সাফল্যের রহস্য ঘুম!