আফগানদের ওয়েস্ট ইন্ডিজ বধ
বোলারদের নৈপুণ্যে আফগানিস্তানকে অল্প রানে বেঁধে ফেলে প্রথম কাজটা ভালোভাবেই সেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জেগে ওঠা আফগান বোলারদের সামনে মুখ থুবড়ে পড়লো ক্রিস গেইল বিহীন ক্যারিবীয় ব্যাটিং। ৬ রানের অসাধারণ এক জয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো আইসিসির সহযোগী দেশটি।
নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৩ রান করে আফগানিস্তান। জবাবে ৮ উইকেটে ১১৭ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা।
জিম্বাবুয়ের পর দ্বিতীয় কোনো টেস্ট খেলা দলকে টি-টোয়েন্টিতে হারালো আফগানিস্তান।
ছোট লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজকে শুরু থেকেই চেপে ধরে আফগানরা। তৃতীয় ওভারে অভিষিক্ত এভিন লুইসকে শূন্য রানে ফেরান আমির হামজা। বাঁ-হাতি এই স্পিনার ব্যাটসম্যানদের দারুণ ভুগিয়েছেন, ৪ ওভারে মাত্র ৯ রান দেন।
দলীয় স্কোর ৩৮ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জনসন চার্লসকে (১৫ বলে ২২) বোল্ড করেন হামিদ হাসান, একইভাবে স্যামুয়েলসকে (৫ বলে ৫) প্যাভিলিয়নে ফেরান রশিদ খান। এর মধ্যে আবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরা আন্দ্রে ফ্লেচার হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন (১০)।
প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ক্যারিবীয়রা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ডোয়াইন ব্রাভো ও দিনেশ রামদিনরা চেষ্টা করলেও নিজেদের ইনিংসটাকে বড় করতে পারেননি।
শেষ দুই ওভারে ২৫ রানের প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯তম ওভারে ড্যারেন স্যামির উইকেট পড়লেও ক্রেইগ ব্রেথওয়েইট দুই ছক্কা মেরে জয়ের সম্ভাবনা জোরালো করেন।
শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০। কিন্তু অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি প্রথম দুই বলে কোনো রান না দিয়ে তৃতীয় বলে শিকার করেন আট বলে ১৩ রান করা ব্রেথওয়েইটকে। দৌড়ে এসে চমৎকার ক্যাচটি ধরেন ম্যাচ সেরা নাজিবুল্লাহ জাদরান।
এর পর চোট নিয়ে ফ্লেচার ফিরলেও হার এড়াতে পারেননি।
রশিদ খান ও নবি ২টি করে উইকেট নেন। দুজনেই ৪ ওভার করে বল করে ২৬ রান করে দেন।
