দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিতে ওয়েস্ট ইন্ডিজ
টানা তৃতীয় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে বেধে রেখে মারলন স্যামুয়েলসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।
নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হাশিম আমলাকে (১) হারায় দক্ষিণ আফ্রিকা। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক একপাশ আগলে রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের গতি বাড়াতে পারেনি দলটি।
শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২২ রানে শেষ হয় তাদের ইনিংস। ৪৬ বলে সর্বোচ্চ ৪৭ রান করতে ডি কক ৩টি চার ও ১টি ছক্কা মারেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান ডেভিড ভিজের।
আন্দ্রে রাসেল, ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন।
ছোট লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি; ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক ক্রিস গেইল মাত্র ৪ রান করে প্রথম ওভারেই ফিরে যান। তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লসের ছোট কিন্তু কার্যকর ইনিংসের (৩৫ বলে ৩২) পর বাকি কাজটুকু সারেন স্যামুয়েলস। ৪৪ বলে ৬টি চারের সাহায্যে সর্বোচ্চ ৪৪ রান করেন তিনি।
ইমরান তাহির ১৩ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১২২/৮ (আমলা ১, ডি কক ৪৭, দু প্লেসি ৯, রুশো ০, ডি ভিলিয়ার্স ১০, মিলার ১, ভিজে ২৮, মরিস ১৬*, ফ্যাঙ্গিসো ৪; গেইল ২/১৭, ব্রাভো ২/২০, রাসেল ২/২৮)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১২৩/৭ (চার্লস ৩২, গেইল ৪, ফ্লেচার ১১, স্যামুয়েলস ৪৩, ব্রাভো ৮, রাসেল ৪, স্যামি ০, ব্রেথওয়েইট ১০*, রামদিন ১*; তাহির ২/১৩, ভিজে ১/১৯, ফ্যাঙ্গিসো ১/১৯, মরিস ১/৩২, রাবাডা ১/৩৮)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: মারলন স্যামুয়েলস
