২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্ষেপে পুড়ছে বাংলাদেশ

ভারতের কাছে এক রানের হার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, তার মতো একই আক্ষেপে পুড়ছে পুরো দল।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 01:22 AM

Updated : 12 Apr 2022, 01:42 AM

মহেন্দ্র সিং ধোনির দলের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এই হার তার দলের প্রতিটি সদস্যের জন্য গভীর হতাশার। 

“আমার মনে হয় শুধু আমার না, ড্রেসিং রুমে যারা আছে তাদের সবার জন্যেই ম্যাচটি হতাশার। শেষ ৩ বলে আপনার লাগবে ২ রান। তখনও দুই সেট ব্যাটসম্যান ও একজন ব্যাটসম্যান লাইনআপে ছিল। ওই অবস্থায় ৩ উইকেট হারানো সবার জন্যেই খুব কঠিন।”

সে সময় ক্রিজে ছিলেন বাংলাদেশের সবচেয়ে ঠাণ্ডা মাথার দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। দুই জনই আউট হন উচ্চাভিলাষী শট খেলে। শুভাগত হোম চৌধুরীর মুখোমুখি হওয়া প্রথম বল ছিল ম্যাচের শেষ। সেই বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি তিনি।

টি-টোয়েন্টিতে এটাই হত ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। সেই জয়ের এত কাছে এসেও এই ট্র্যাজেডি মানতে পারছেন না মাশরাফি।

“এটা শুধু আমার না, আমরা যারা খেলোয়াড় আছি, সবার জন্যেই এটা শকিং। এ ধরনের ম্যাচ কেউ হারে না। কেউ হারত না। এখন বোঝানো খুব কঠিন। তবে এটা হতাশাজনক।”

পুরনো খবর:

জয় মুঠোয় পেয়েও অবিশ্বাস্য হার