‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি’
অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের শরীরী ভাষায় ছিল না চেনা বারুদ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যদিও বলছেন, তারা চেষ্টা করেছেন সবটুকু দিয়েই।
বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে দুই বোলারের নিষেধাজ্ঞায় ম্যাচের আগেই টালমাটাল ছিল বাংলাদেশ দল। আগের দিন সংবাদ সম্মলেন মাশরাফির উপস্থিতি ছিল আবেগময়। ম্যাচের দিন আসে আরেকটি ধাক্কা। পেটের পীড়ার জন্য খেলতে পারেননি টুর্নামেন্টে দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
সব কিছুর প্রভাব মাঠের পারফরম্যান্সে যথেষ্টই পড়ার কথা। ক্রিকেটারদের শরীরী ভাষাও এদিন অন্য দিনগুলোর মত তরতাজা ছিল না।
চাইলেও এসব ভুলে থাকা কঠিন। তবে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, তার চেষ্টার কমতি রাখেননি।
“আমাদের চেষ্টা ছিল, যতটুকু পেরেছি। আসলে মনের ওপর তো জোর করা কঠিন। দুই বোলারকে হারানোর পর আবার তামিমকে না পাওয়া আমাদের জন্য বড় ধাক্কা ছিল। মূল একাদশের তিন জন ক্রিকেটারকে হারানো মানে ছন্দ নষ্ট হওয়া। তার পরও আমরা যথাসাথ্য চেষ্টা করেছি এসব ভাবনা বাইরে রাখার। বাইরে থেকে অন্যরকম মনে হতেও পারে।”
