অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউ জিল্যান্ডের মেয়েদের সহজ জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচ জিতে সেমি-ফাইনালের ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে নিউ জিল্যান্ডের মেয়েরা। সোমবার অস্ট্রেলিয়াকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে সুজি বেটসের দল।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে নেয় নিউ জিল্যান্ড।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে নিউ জিল্যান্ডের মেয়েরা। অধিনায়ক বেটস ও র্যাচেল প্রিস্ট মিলে উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারে ৫৮ রান তোলেন।
২৫ বলে একটি করে চার ও ছয়ে ২৩ রান করে প্রিস্ট আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। স্কোর বোর্ডে আর ৩ রান যোগ হতেই ফিরে যান বেটসও। ২৭ বলে খেলা ৩৪ রানের ইনিংসটি ৫টি চার ও একটি ছয়ে সাজান তিনি।
দ্রুত উইকেট হারানোর প্রভাব অবশ্য দলের উপর পড়তে দেননি সোফি ডেভাইন ও অ্যামি স্যাটার্থওয়েইট। ডেভাইন ১৭ বলে ১৭ রান করে আউট হয়ে গেলেও ১০ বলে ১৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্যাটার্থওয়েইট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার মেয়েদের। ৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে এলেমেলো হয়ে যায় তাদের ইনিংস। পঞ্চম উইকেট পড়ে দলের ৩০ রানে।
এর পর এলিস পেরির ৪৮ বলে ৪২, জেস জোনাসেনের ২২ বলে ২৩ ও বেথ মুনির ১১ বলে ১৫ রানের কল্যানে একশ পেরোনো স্কোর গড়তে পারে অস্ট্রেলিয়া।
নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন লেই ক্যাসপেরেক।
এর আগে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে আর আয়ারল্যান্ডকে ৯৩ রানে হারায় নিউ জিল্যান্ডের মেয়েরা। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছিল।
