বাংলাদেশের মেয়েদের টানা তৃতীয় হার
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাহানারা আলমদের হারটি ৪৯ রানে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮.৩ ওভারে ৯৯ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
হেইলি ম্যাথিউস আর স্টেফানি টেইলরের ব্যাটে শুরুটা দারুণ করে ওয়েস্ট ইন্ডিজ। ৪২ বলে ৪১ রান করে ম্যাথিউস আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে ১১.৪ ওভারে ৬৭ রান আসে।
তবে ১১ রানের মধ্যে ব্রিটনি কুপার ও টেইলরকে হারিয়ে ১ উইকেটে ৮৭ রান থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৯৮। আউট হওয়ার আগে টেইলর দুই চার ও এক ছয়ে ৪১ বলে ৪০ রান করেন।
এর পর ডিয়ান্ড্রা ডটিনের ১১ বলে ২৪ আর স্টেসি অ্যান কিংয়ের ১৫ বলে অপরাজিত ২০ রানে শেষ পর্যন্ত বড় সংগ্রহই গড়তে পারে ওয়েস্ট ইন্ডিজ।
৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার নাহিদা আক্তার। অন্য উইকেটটি নেন রুমানা আহমেদ।
রান তাড়া করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশের মেয়েরা।
উদ্বোধনী জুটিতে সানজিদা ইসলাম ও শারমিন আক্তার ২৪ রান করেন। ১৪ বলে ১৪ রান তুলে সানজিদা ফিরে গেলে ভাঙে জুটিটি।
এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। উইকেটে আসা-যাওয়ার মিছিলে লড়াই করেন একমাত্র নিগার সুলতানা। তার ২৭ বলে দুটি চারে করা ২৭ রানের ইনিংসের কল্যানেই একশর কাছাকাছি যায় বাংলাদেশের স্কোর।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৩ রানে ৩ উইকেট নেন টেইলর। দুটি করে উইকেট নেন ম্যাথিউস ও ডটিন।
