২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুইশ’ রানের লক্ষ্যও তাড়া করার আশা হাথুরুসিংহের

বেঙ্গালুরুর ব্যাটিং স্বর্গে বাংলাদেশ দুইশ’ রানের লক্ষ্য পেলে সেটা স্বাভাবিকই হবে। তবে শিষ্যরা সেই লক্ষ্য পেরিয়ে গেলেও অবাক হবেন না বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে। 

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 12:38 AM

Updated : 11 Oct 2022, 07:58 PM

ব্যাটিং সহায়ক নিষ্প্রাণ উইকেট, দ্রুত গতির আউট ফিল্ড, ছোট সীমানা- সব মিলিয়ে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে বড় ইনিংস হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২০২ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। তবে হাল ছাড়ছেন না হাথুরুসিংহে। তার দৃঢ় বিশ্বাস, একদিন দুইশ’ রানের বড় লক্ষ্যও তাড়া করতে শিখে যাবে তার শিষ্যরা। 

“দুইশ’ রানের মোকাবেলা করা সব সময়ই কঠিন। আমাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে এবং পরিষ্কার মাথায় ব্যাট করতে হবে। আমরা এখনও এটা করতে পারিনি। আশা করি, একদিন আমরা এটা করতে পারব।”

২০০৭ সালের আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যা এখনও দলটির সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। শিষ্যদের বড় সংগ্রহ তাড়া করতে না পারাটাই পাঁচ বোলার নিয়ে খেলার কারণ বলে জানান হাথুরুসিংহে।

“তাড়া করার মতো রান পেতে আমরা পাঁচ বোলার নিয়ে খেলি। এটাই আমাদের খেলার পরিকল্পনা। প্রতিপক্ষ যদি এরপরও দুইশ’ রান করে ফেলে আমাদের সেটা তাড়া করার চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

কলকাতার ইডেন গার্ডেন্সের চেয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরও ব্যাটিং সহায়ক উইকেট আশা করেন হাথুরুসিংহে, “এখানে বলে আরেকটু বেশি পেস থাকবে। বল সহজেই ব্যাটে আসবে। এটা বড় রানের ম্যাচ হতে যাচ্ছে। ১৮০ এখানে ভালো স্কোর হবে। এটা খুব ভালো ব্যাটিং উইকেট।”