বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মালিঙ্গা
শেষ পর্যন্ত আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হলো না লাসিথ মালিঙ্গার। হাঁটুর চোটের কারণে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কার এই ফাস্ট বোলার।
হাঁটুর চোট মালিঙ্গাকে গত নভেম্বরে থেকেই ভোগাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে হওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার খেলা চারটি ম্যাচের একটিতে কেবল খেলতে পারেন তিনি।
মালিঙ্গার ফিটনেস নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। কিন্তু এ মাসের গোড়ার দিকে বিশ্বকাপে খেলতে পারবেন বলে আশার কথা জানিয়েছিলেন তিনি।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি মিশন শুরু করে শ্রীলঙ্কা। এই ম্যাচে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন এই ফরম্যাটে দেশটির অধিনায়ক মালিঙ্গা। ম্যাচ শুরুর আগে বোলিং অনুশীলন করার এক পর্যায়ে থেমে যান তিনি। শ্রীলঙ্কার ৬ উইকেটে জেতা ম্যাচটিতে খেলেননি তিনি।
পরে জানা যায়, তার চোটের অবস্থার আরও অবনতি হয়েছে। এর পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।
এখনও পর্যন্ত মালিঙ্গার বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেননি শ্রীলঙ্কার নির্বাচকরা।
