২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো দমে বোলিং করছেন মুস্তাফিজ

বেঙ্গালুরু আসার পরের দিনটিও ছুটিতে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে একজনের ছুটি নেই। শুক্রবার সকালেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলে এসেছেন মুস্তাফিজুর রহমান। চলছে তার মাঠে ফেরার লড়াই। সব ঠিকঠাক থাকলে ফিরছেন অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 03:18 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

অপেক্ষায় রানে ভরা চিন্নাস্বামী
‘চেনা মাঠে’ জ্বলে উঠার অপেক্ষায় বাংলাদেশ
বোলিংয়ে শৃঙ্খলায় জোর বাংলাদেশের

মুস্তাফিজের সঙ্গে ছিলেন বোলিং কোচ হিথ স্ট্রিক ও ফিজিও বায়েজিদুল ইসলাম। পরে যোগ দিয়েছিলেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। মাঠের এক প্রান্তে নেটে পুরো দমেই বোলিং করলেন মুস্তাফিজ। গতি ছিল স্বাভাবিক, দেখে বাইরে থেকে চোখে পড়েনি কোনো অস্বস্তি।

তরুণ শিষ্যকে প্রচুর টিপস দিচ্ছিলেন স্ট্রিক। একটি-দুটি ডেলিভারির পরপরই অনেক কিছু বলছিলেন বোলিং কোচ, দেখিয়ে দিচ্ছিলেন নানা কিছু। সতর্ক দৃষ্টি রাখছিলেন ফিজিও।

ধর্মশালায় প্রথম রাউন্ডের শেষ ম্যাচের আগের দিন থেকে নেটে টুকটাক বোলিং করা শুরু করেছিলেন মুস্তাফিজ। এখন প্রায় ফিরেছেন নিজের স্বাভাবিকতায়। শুক্রবার ম্যাচের মতো করেই নেটে বোলিং করলেন ৪ ওভার।

বোলিং কোচ স্ট্রিক পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, মুস্তাফিজ প্রায় প্রস্তুত।

“অস্ট্রেলিয়া ম্যাচের জন্য আমরা ওকে প্রস্তুত করার চেষ্টা করছি। পুরো গতির কাছাকাছিতে বোলিং করছে। সব কিছুই চেষ্টা করেছে নেটে। ব্যথা নেই, অস্বস্তি নেই। এই মুহূর্তে সবই ভালো।”

“এখন ব্যাপারটা হলো ওর আত্মবিশ্বাস ফিরে পাওয়া। প্রায় ৩ সপ্তাহ হলো বোলিং করেনি, ছন্দ ফিরে পাওয়ার ব্যাপার আছে। সেভাবেই প্রস্তুত করা হচ্ছে।”

পাকিস্তান ম্যাচে খেলার খু্ব কাছাকাছি ছিলেন মুস্তাফিজ। সামান্যতম ঝুঁকিও না নেওয়ার জন্য খেলানো হয়নি শেষ পর্যন্ত। তবে শুরুর ম্যাচটি সবসময়ই দারুণ গুরুত্বপূর্ণ বলে ওই ম্যাচে তাকে খেলানো উচিত ছিল কিনা, এই নিয়ে গত দুদিন ধরেই চলছে বিতর্ক। ম্যাচ শেষে মাশরাফি বলেছিলেন ওই ঝুঁকি না নেওয়ার কথাই। শুক্রবার একই কথা জানালেন স্ট্রিকও।

তবে গত কিছুদিনে দলের সেরা বোলারের অভাবটা যে অনুভূত হয়েছে, সেটা অস্বীকার করলেন না বোলিং কোচ। মনে করিয়ে দিলেন চোটের কাছে অসহায়ত্বের কথাও।

“আমাদের জন্য সে দারুণ গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এশিয়া কাপের ফাইনালে ওকে পেলেও হয়ত আমাদের সম্ভাবনা খুব ভালো থাকত। ওই রানে আমরা হয়ত ভারতকে আটকাতে পারতাম। পাকিস্তানের বিপক্ষেও ওর সাফল্য আছে। আগের ম্যাচে ওকে পেলে তাই দারুণ হতো। কিন্তু পেসারদের ইনজুরি হবেই, এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না।”

এখনই নেটে পুরো দমে বোলিং করছেন। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সময় আছে আরও দুই দিন। আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য আসছে না এখনই। অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজ ফিরছেনই, এটা নিশ্চিত করে দিতে চান না স্ট্রিক।

“এই মুহূর্তে সব কিছু খুব ভালো মনে হচ্ছে। তবে ম্যাচ ‘ইনটেনসিটি’ ভিন্ন ব্যাপার। ম্যাচের দিনই কেবল আমরা শতভাগ নিশ্চিত করে বলতে পারব। ম্যাচের দিন ফিটনেস টেস্টের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

বাস্তবতা বলছে, এই ফাঁকটুকু রেখে দেওয়া আসলে আনুষ্ঠানিকতার খাতিরে। নইলে নতুন করে কিছু না হলে বা পুরোনো কিছু আবার মাথাচাড়া না দিলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজের খেলা নিশ্চিতই। হার দিয়ে শুরুর পর প্রতিটি ম্যাচই এখন বলতে গেলে আবশ্যিক জয়ের ম্যাচ। স্ট্রিকের আশা, দলে ফিরে বল হাতে আপন চেহারায় আবির্ভূত হবেন মুস্তাফিজ।

“পরের তিন ম্যাচের জন্য ওকে পেলে দারুণ হবে। আশা করি, সবকিছু ঠিকঠাক এগোবে; সে নিজের ভূমিকা রাখতে পারবে।”

বেঙ্গালুরু ঐতিহ্যগতভাবেই দারুণ রান প্রসবা, বিশেষ করে টি-টোয়েন্টিতে। নিষ্প্রাণ উইকেট, ছোট মাঠ ও দ্রুতগতির আউটফিল্ডে অস্ট্রেলিয়া-ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের সামনে কঠিন পরীক্ষায় পড়বে বোলাররা।

মুস্তাফিজের জন্যও কঠিন চ্যালেঞ্জ দেখছেন স্ট্রিক।

“এটি খুব ভালো ব্যাটিং উইকেট। মাঠে নামলে মুস্তাফিজকে দ্রুত মানিয়ে নিতে হবে। বেঙ্গালুরু সবসময়ই বড় রানের মাঠ, ব্যাটিংয়ের জন্য দারুণ। খেললে ওকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।”

চ্যালেঞ্জ বা পরীক্ষা অবশ্য মুস্তাফিজকে তাতিয়ে দেয় বা নাড়িয়ে দেয় সামান্যই। আপন জগতে নিজের মতোই থাকেন তিনি। মাঠে প্রতিপক্ষ বা পারিপার্শ্বিকতা তাকে খুব একটা স্পর্শ করে না, নিজের কাজটা করে যান ঠিকঠাক। এভাবে খেলেই ছোট্ট ক্যারিয়ারে জিতেছেন অনেক চ্যালেঞ্জ। এবারও না জেতার কারণ নেই।

মুস্তাফিজ জিতলে হয়ত হাসবে বাংলাদেশ।