২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষায় রানে ভরা চিন্নাস্বামী

বরাবরই ভারতের সেরা ব্যাটিং উইকেটগুলোর অন্যতম বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেট। ব্যতিক্রম হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপেও, যথারীতি ব্যাটিং স্বর্গের রূপ নিয়ে অপেক্ষায় চিন্নাস্বামির ২২ গজ।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 06:28 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

বেঙ্গালুরুতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই আপাতত জড়িয়ে বাংলাদেশ। মাত্রই দুটি ম্যাচ খেলে গেল বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার মেয়েরা যখন এখানে খেলছে নিজেদের শেষ ম্যাচ, সেদিনই শহরে পা রেখেছে বাংলাদেশের ছেলেরা। মাশরাফি-তামিমরাও এখানে খেলবেন দুটি ম্যাচ।

মেয়েদের দুটি ম্যাচ শেষে চিন্নাস্বামী প্রস্তুত হচ্ছে ছেলেদের বিশ্বকাপের জন্য। ২১ মার্চ এখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২৩ মার্চ স্বাগতিক ভারত। তবে বাংলাদেশের দুটি ম্যাচের আগেই হচ্ছে আরেকটি ম্যাচ। ২০ মার্চ এই মাঠেই মুখোমুখি হবে সবশেষ দুইবারের দুই চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

শুক্রবার সকালে মাঠের এক প্রান্তে নেটে যখন বোলিং অনুশীলন করছেন মুস্তাফিজুর রহমান, মাঝে ২২ গজে তখন চলছে পরিচর্যা। মাঠকর্মীদের নিয়ে কাজ করছিলেন মাঠের দুই সহকারী কিউরেটর প্রশান্ত রাও ও জাসিন্তা কল্যান।

ভারতের প্রথম মহিলা কিউরেটর জাসিন্তা। জানালেন, উইকেটের আচরণ থাকবে বরাবরের মতোই। তিনি নিজে অবশ্য বেশি কিছু বলতে চাইলেন না। ডেকে আনলেন আরেক কিউরেটর প্রশান্তকে।

ছোট মাঠ, নিষ্প্রাণ উইকেট আর দ্রুতগতির আউটফিল্ড মিলিয়ে বেশির ভাগ সময়ই ব্যাটিং স্বর্গ এখানকার উইকেট। প্রশান্ত অবশ্য ‘ছোট মাঠ’ মানতে চাইলেন না। তার দাবি, মাঠের সবচেয়ে ছোট অংশও ৭২ মিটার লম্বা।

টি-টোয়েন্টির যুগে ৭২ মিটার মানে বেশ বড়ই। সমস্যা হলো, শেষ পর্যন্ত ৭২ মিটারের কতটা খেলার সময় কাজে লাগানো হয়! চার-ছক্কার ক্রিকেটে আমজনতার ভাবনা আর সম্প্রচার প্রতিষ্ঠানের চাওয়ায় বেশিরভাগ সময়ই ছোট করে ফেলা হয় মাঠ। বিজ্ঞাপনী বোর্ড বসানোর ব্যাপার তো আছেই। শেষ পর্যন্ত সীমানা তাই নেমে আসতে পারে কম-বেশি ষাট মিটারের আশেপাশে। অস্ট্রেলিয়া ও ভারতের ব্যাটিং লাইন আপে মজুদ বিস্ফোরক সব ব্যাটসম্যান। চিন্নাস্বামীর ২২ গজে নামার অপেক্ষায় আছেন হয়ত তারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখানে একটিই হয়েছে কেবল। ২০১২ সালে ওই ম্যাচে ভারত তুলতে পেরেছিল মোটে ১৩৩, পাকিস্তান জিতেছিল শেষ ওভারে। তবে সেটি ছিল ব্যতিক্রম। সেদিন উইকেট ছিল ঘাসের ছোঁয়া, দাপট ছিল দুই দলের পেসারদের। ওই ম্যাচকে উদাহরণ না ধরে তাই চোখ রাখা যায় আরেকটি তথ্যে। এই মাঠে সবশেষ ১৩ ওয়ানডেতে ১৩ বার স্কোর হয়েছে তিনশ ছাড়িয়ে! এরমধ্যে ৩২০ ছাড়ানো স্কোরই ৯টি।

এই মাঠেই ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচেই আবার অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জেমস ফকনার। ২০১১ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখেছিল ৬৭৬ রানের টাই (৩৩৮ ও ৩৩৮)! আরেক ম্যাচে ইংল্যান্ডের ৩২৭ তাড়া করে জিতে গিয়েছিল আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টির চিন্নাস্বামী সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যেতে পারে আইপিএল থেকে। আইপিএলের সবচেয়ে রান প্রসবা ভেন্যুগুলোর একটি এটি। আইপিএলের সবচেয়ে ‘পাওয়ারফুল’ ব্যাটিং লাইন আপের দল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠও এটিই। এখানেই চার ছক্কার ঝড় তোলেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিরা।

কিউরেটর প্রশান্তের চোখে ভাসে যেমন গেইলের ১৭৫ রানের ইনিংসটি। ২০১৩ আইপিএলে এই মাঠেই ৬৬ বলে ১৭ ছক্কায় গেইল করেছিলেন অপরাজিত ১৭৫। টি-টোয়েন্টিতে যেটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম আইপিএলের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম করেছিলেন ১৫৮।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ২৬৩ এই মাঠেই। আইপিএলে দুইশ রানের ইনিংস আছে আরও ৬টি। চ্যাম্পিয়ন্স লিগে এই মাঠেই ২৪২ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ১০ স্কোরের ৬টিই এই মাঠে।

আরও টাটকা উদাহরণও চোখের সামনেই। এবারই মেয়েদের দুটি ম্যাচের একটিতে ভারত করেছে নিজেদর সর্বোচ্চ রান, আরেক ম্যাচে বাংলাদেশ।

পরিসংখ্যানই বলে দিচ্ছে সব। কিউরেটর প্রশান্ত তবু সরাসরি বলতে চাইলেন না ব্যাটিং স্বর্গ। বারবার বলছিলেন, ‘ট্রু’ উইকেট, ভালো করতে পারলে সহায়তা পাবেন সবাই। তবে এক পর্যায়ে স্বীকার করলেন, ‘হ্যাঁ, ব্যাটিংয়ের জন্য এই উইকেট দারুণ।”

বাংলাদেশ দুটি ম্যাচই এখানে খেলবে রাতে। তবে প্রশান্ত নিশ্চিত করলেন, উল্লেখযোগ্য শিশির পড়ার শঙ্কা নেই।

১৯৭৪ সালে এই মাঠের অভিষেক টেস্টেই অভিষেক হয়েছিল ভিভ রিচার্ডসের, যাকে মনে করা হয় আক্রমণাত্মক ব্যাটিংয়ের শেষ কথা। ওই ম্যাচে একই সঙ্গে অভিষেক হয়েছিল সর্বকালের সেরা ওপেনারদের একজন গর্ডন গ্রিনিজের। ক্যারিয়ারের শেষ টেস্টে এখানেই সুনীল গাভাস্কার খেলেছিলেন ধ্রুপদি এক ইনিংস।

২০০০ সালে এখানে জিতেই ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। অভিষেক টেস্টে এখানেই সেঞ্চুরি করেছিলেন মাইকেল ক্লার্ক, শততম টেস্টে করেছিলেন ইনজামাম-উল-হক। ওই ম্যাচেই ২৬৭ করেছিলেন ইউনুস খান। এখানেই ক্যারিয়ারের একমাত্র দ্বিশতক করেছেন সৌরভ গাঙ্গুলি। ঘরের ছেলে অনিল কুম্বলের ৪০০তম উইকেটও এখানেই।

এবার কিছু ছাপ রাখার পালা বাংলাদেশের।