২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষুধার্ত’ ছিলেন আফ্রিদি

এই বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন শহিদ আফ্রিদি। প্রথম ম্যাচেই সেটা করতে পেরে খুশি পাকিস্তান অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 09:24 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

ক্যারিয়ার জুড়ে কখনোই ধারাবাহিক হতে পারেননি আফ্রিদি। পাকিস্তান দলের চেয়েও তিনি বেশি অনুনমেয়। সাম্প্রতিক ফর্মও ছিল যাচ্ছেতাই। সবশেষ ১০ ইনিংসে ৭ বারই আউট হয়েছিলেন দু অঙ্ক ছোঁয়ার আগে। বাকি তিনবারও ছুঁতে পারেননি তিরিশ।

চাপে ছিলেন মাঠের বাইরের নানা কারণেও। ভারতে এসে নিজ দেশের সমর্থন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রবল সমালোচনার শিকার হয়েছেন দেশে। এতকিছুর মধ্যেই বেরিয়ে এলো আফ্রিদির বিরল উজ্জ্বল দিন। অনেক দিন পর পর একটি-দুটি খুনে ইনিংস খেলেন, যেদিন ব্যাটে যেভাবেই মারেন, লেগে যায় ভালোভাবে। বাংলাদেশের দুর্ভাগ্য হয়ে সেই দিন এল বুধবার।

পরে বল হাতে দুটি উইকেটও নিয়ে ম্যাচ-সেরা আফ্রিদি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন, এমন একটি পারফরম্যান্সের জন্য তিনি ছিলেন মুখিয়ে।

“আমার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমি ক্ষুধার্ত ছিলাম। এই আসরে দেশের হয়ে পারফর্ম করতে মুখিয়ে ছিলাম আমি। আমার জন্য অনেক বড় টুর্নামেন্ট এটি। অধিনায়ক হিসেবে, সিনিয়র ক্রিকেটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে হতোই আমাকে।”

প্রবল সমালোচনার মুখে থাকলেও পাকিস্তান অধিনায়কের দাবি, নেতৃত্ব উপভোগ করছেন তিনি।

“নেতৃত্ব খুব সহজ কাজ নয়। কিন্তু দলের সবাই যখন শতভাগ সমর্থন দেয়, নেতৃত্ব উপভোগ্য হয়ে ওঠে। আমিও উপভোগ করছি।”