আত্মবিশ্বাস নিয়ে ভারতের সামনে বাংলাদেশের মেয়েরা
বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাওয়ার রোমাঞ্চ আছে বাংলাদেশের মেয়েদের। আছে উপভোগের মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়ার তাড়না। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরুর আগে নিজেদের জয়ের প্রত্যয় ও আত্মবিশ্বাসের কথাও জানিয়ে রেখেছেন অধিনায়ক জাহানারা আলম।
বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আগামী মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
ভারতে পা রাখার পর থেকে ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশের মেয়েরা। অনুশীলনে জাহানারা-সালমা খাতুনদের বেশ সতেজ মনে হয়েছে। আর প্রস্তুতি ম্যাচেও রুমানা আহমেদ-লতা মন্ডলরা তাদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি জাহানারার দল। ৯৫ রানে অলআউট হয়ে যায় তারা। তবে ৫টি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ভালোই চমকে দিয়েছিলেন রুমানা-সালমারা।
অধিনায়ক জাহানারাও জানান, জয়ের জন্য বোলারদের উপরই বেশি ভরসা করবেন তিনি।
“ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ের সমন্বয় খুব ভালো আমাদের। কিন্তু আমাদের বোলিং বিভাগ অবশ্যই খুব শক্তিশালী।”
এই পারফরম্যান্স মেয়েরা আসল মঞ্চেও দেখাতে প্রত্যয়ী বলে জানান জাহানারা।
“আমাদের প্রস্তুতি ভালো হয়েছে এবং আমরা খুব আত্মবিশ্বাসী। দল হিসেবে আমরা বিশ্বাস করি, কোনো কিছুই অসম্ভব নয়। আমরা জানি, ভারত প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। ফল এমনিতেই আসবে।”
তবে এই ম্যাচে ফেভারিট ভারতই। টি-টোয়েন্টি বিশ্বকাপ তারা শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া (২-১) ও শ্রীলঙ্কার (৩-০) বিপক্ষে দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। এ ছাড়া প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেয়েছে মিথালি রাজের দল।
তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে একটা উদ্বেগের কথা জানান ভারত অধিনায়ক মিথালি।
“গত ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর থেকে দুই বছর হলো আমরা বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে খেলিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর অনেক বড় সময়। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। তাই আমরা সামর্থ্য অনুযায়ী কাজ করব আমরা।”
