বড় কিছু ভাবছেন না মাশরাফি-তামিমরা
সুপার টেনে উঠলেও এখনই খুব দূরে তাকাচ্ছেন না মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালরা। সাফল্যের গ্রাফটা ঊর্ধ্বমুখী রেখে প্রতিটি ম্যাচ ধরে বাংলাদেশ দল এগিয়ে যেতে চায়।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন মোটামুটি প্রতিষ্ঠিত শক্তিই। উন্নতির ছাপ টি-টোয়েন্টির সাম্প্রতিক পারফরম্যান্সেও। শ্রীলঙ্কা-পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলার পর মাশরাফিরা অনায়াসে উতরে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড।
সুপার টেন পর্বে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করছে না বাংলাদেশ দল। ওমানের বিপক্ষে জয়ের পর মাশরাফি জানালেন, সাফল্যের একই দর্শন মেনে এগিয়ে যাবে দল।
“গত এক-দেড় বছরে কিন্তু আমরা কোনো টার্গেট ধরে এগিয়ে যাইনি। আমরা শুধু একটি ব্যাপার ভেবেছি যে পারফরম্যান্সের গ্রাফটা যেন ওপরের দিকে যায়। আমরা যে কঠোর পরিশ্রম করছি, সেটা যেন দিন দিন বাড়ে। আমরা এভাবেই সফল হয়েছি। টি-টোয়েন্টিতে আমরা এখনও খুব ভালো জায়গায় যেতে পারিনি, তাই প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চাই।”
বাংলাদেশের প্রথম রাউন্ড জয়ের নায়ক ও দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালের কণ্ঠেও ছিল একই উচ্চারণ।
“স্বপ্ন দেখার তো শেষ নেই। দেখাই যায়। তবে আমরা যেটা গত দেড়-দুই বছর ধরে করে আসছি, প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি আমরা। দুদিন পরই খুবই গুরুত্বপূর্ন ম্যাচ। আমরা প্রতিটি পদক্ষেপ ধরে এগোতে চাই। বড় কিছুর ভাবনা এখনই মাথায় আনতে চাই না।”
