পরীক্ষা দেওয়ার পর আত্মবিশ্বাসী সানি
চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ওমান ম্যাচের আগেই দলে্র সঙ্গে যোগ দিয়েছেন আরাফাত সানি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, বাঁহাতি স্পিনার বেশ আত্মবিশ্বাসী নিজেকে নিয়ে।
শনিবার সকালে ধর্মশালা থেকে চেন্নাই উড়ে গিয়ে সেদিনই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সানি। পরে রোববার আবার ফিরে এসেছেন ধর্মশালায়। ওমান ম্যাচের একাদশে অবশ্য রাখা হয়নি বাঁহাতি স্পিনারকে।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি জানালেন, সানিকে নিয়ে আশাবাদী দল।
“সানির ফল কেমন হবে বলা খুব কঠিন। তবে সে খুবই আত্মবিশ্বাসী। আর ওখানে যে ডক্টররা ছিল, তারাও বলেছে যে ভালো হয়েছে। আমরা আশাবাদী। তবে দিন শেষে কাটা কম্পাস দিয়ে মাপার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”
গত ৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রশ্নবিদ্ধ হয়েছিল সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন। অ্যাকশনের পরীক্ষা দিতে সোমবার চেন্নাই যাওয়ার কথা তাসকিনের। আর সানির পরীক্ষার ফল জানা যেতে পারে বুধবার নাগাদ।
