ফন মিকেরেনের তোপে নেদারল্যান্ডসের জয়
জর্জ ডকরেলের দারুণ বোলিংয়ে ধরা ছোঁয়ার মধ্যেই লক্ষ্য পেয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু ডাচ তরুণ পল ফন মিকেরেনের অসাধারণ বোলিংয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করতে পারেনি আইরিশরা। আগেই সুপার টেনের স্বপ্ন ভেঙে যাওয়া দুই দলের লড়াইয়ে নেদারল্যান্ডসের জয়টি ১২ রানের।
রোববার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস নির্ধারিত সময়েই হয়। তবে বৃষ্টির কারণে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের আগে খেলা শুরু সম্ভব হয়নি।
৬ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৫৯ রান করে নেদারল্যান্ডস। জবাবে ৭ উইকেটে ৪৭ রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে অতিরিক্ত শট খেলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। তৃতীয় ওভারে পরপর দুই বলে পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েনকে ফিরিয়ে দেন ফন মিকেরেন।
পরের ওভারে দুই বলের মধ্যে গ্যারি উইলসন ও অ্যান্ড্রু পয়েন্টারকে ফিরিয়ে দেন রোয়েলফ ফন ডার মারউই। তৃতীয় থেকে পঞ্চম এই তিন ওভারে ১২ রানের বেশি নিতে না পারায় শেষ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২০ রান।
নেদারল্যান্ডস: ৬ ওভারে ৫৯/৬ (মাইবার্গ ২৭, টম কুপার ০, ফন ডার মারউই ২, বারেসি ৮, বোরেন ১৪, বুখারি ০* ডকরেল ৩/৭)
আয়ারল্যান্ড: ৬ ওভারে ৪৭/৭ (পোর্টারফিল্ড ৫, স্টার্লিং ১৫, কেভিন ০, উইলসন ৪, নিয়াল ৪*, পয়েন্টার ০, সোরেনসেন ৯, ডকরেল ০, ম্যাকব্রায়ান ১*; ফন মিকেরেন ৪/১১, ফন ডার মারউই ২/৩, ফন ডার গুগটেন ১/১৭)
ফল: নেদারল্যান্ডস ১২ রানে জয়ী
ম্যাচ সেরা: পল ফন মিকেরেন (নেদারল্যান্ডস)
