নিউ জিল্যান্ডকে হারাল ইংল্যান্ড
ভারতে ইংল্যান্ডের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রস্তুতির শুরুটা জয় দিয়েই হয়েছে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েন মর্গ্যানের দল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। ১৯ রানেই বিধ্বংসী ওপেনার মার্টিন গাপটিলকে হারায় তারা। আউট হওয়ার আগে দুটি চার ও একটি ছয়ে ৭ বলে ১৬ রান করেন তিনি।
দলকে শুরুর ধাক্কাটা টের পেতে দেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯টি চার ও একটি ছয়ে ৩৯ বলে ৬৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন গাপটিলের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামা এই ব্যাটসম্যান।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে নিউ জিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান।
৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ইংল্যান্ডের সফলতম বোলার লেগস্পিনার আদিল রশিদ।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৭ রান তোলে ইংল্যান্ড।
৩৬ বলে ৭টি চার ও ২টি ছয়ে ৫৫ রান করে জেসন রয় আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার অ্যালেক্স হেলস আউট হন ৪৪ রান করে।
শেষ দিকে জস বাটলারের ৯ বলে ২৪ রানের ইনিংসে ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী বুধবার সুপার টেন পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান।
