ক্যারিয়ার সেরা অবস্থানে সাব্বির ও আল-আমিন
এশিয়া কাপে ধারাবাহিক ভালো খেলায় র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে সাব্বির রহমান ও আল-আমিন হোসেনের। সবশেষ ঘোষিত আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিজ নিজ ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার।
দেশের মাটিতে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে প্রথম ম্যাচে হারলেও পরের তিনটি ম্যাচ টানা জিতে ফাইনালে ওঠে বাংলাদেশ। দলকে শিরোপা নির্ধারণী ম্যাচে তুলে আনতে ব্যাট হাতে দারুণ খেলেন সাব্বির। পাঁচ ম্যাচে ৪৪.০০ গড়ে ১৭৬ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
দুর্দান্ত এই পারফরম্যান্সে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের মধ্যে ৪৪ ধাপ এগিয়ে ৫৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন এশিয়া কাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট সাব্বির।
এই টুর্নামেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও বোলারদের সবশেষ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও; বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে আছেন তিনি।
আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের রেটিং পয়েন্ট ৩৪০। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেই সিংহাসন পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন।
