শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক সাঙ্গাকারা
সাম্প্রতিক সময়ে দলের টানা ব্যর্থতা কাটিয়ে ওঠার পরিকল্পনায় নির্বাচক কমিটিতে আমূল পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাঁচ সদস্যের নতুন কমিটিতে আছেন মাত্র সাত মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কুমার সাঙ্গাকারা।
গত ২৪ অগাস্ট কলম্বোয় ভারতের বিপক্ষে টেস্ট শেষে জাতীয় দল থেকে বিদায় নেন সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও পুরোপুরি ক্রিকেট খেলা ছাড়েননি এই বাঁহাতি ব্যাটসম্যান। বিভিন্ন দেশের ঘরোয়া লিগে এখনও খেলেন তিনি। এ বছর যেমন ইংল্যান্ডের কাউন্টিতে সারের হয়ে খেলবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
সাঙ্গাকারা অবশ্য জানিয়েছেন, নির্বাচক কমিটিতে তার পদটা ছোট মেয়াদের বলেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি।
মঙ্গলবার ঘোষণা করা পাঁচ সদস্যের নতুন এই নির্বাচক কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভা। বাকি চার জনের মধ্যে সাঙ্গাকারা ছাড়া আছেন রমেশ কালুভিথারানা, রনজিৎ মাদুরাসিংহে ও লালিত কালুপেরুমা।
মঙ্গলবার থেকে ভারতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টেনে খেলবে শ্রীলঙ্কা। সেখানে তাদের প্রথম ম্যাচ আগামী ১৭ মার্চ কলকাতায়, প্রথম পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে।
এই সময়ে হঠাৎ পুরো নির্বাচক কমিটি ঢেলে সাজানোটাও বড় একটি চমক। দেশটির ক্রীড়া মন্ত্রী এর পিছনের কারণ হিসেবে সাম্প্রতিককালে নিউ জিল্যান্ড ও ভারত সফরে বাজে পারফরম্যান্স ও এশিয়া কাপে দল পুরোপুরি ব্যর্থ হওয়াকে উল্লেখ করেন। সবশেষ বাংলাদেশে হওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চার ম্যাচ খেলে মাত্র একটিতেই জেতে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়নরা।
