২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১২ সালের ফাইনাল ভুলে যাওয়ার জয়: মাহমুদউল্লাহ

সেবার ১৭ রানে অপরাজিত, এবার ২২। সেবার ছিল স্বপ্নভঙ্গের বেদনা, এবার স্বপ্ন পূরণের উচ্ছ্বাস। মাহমুদউল্লাহ বলছেন, ৪ বছর ধরে বয়ে বেড়ানো যাতনা এবার ভুলবেন তিনি, ভুলবে দল!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 12:28 AM

Updated : 12 Apr 2022, 01:33 AM

২০১২ এশিয়া কাপের ফাইনালেও শেষ সময়টায় উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু সেবার পারেননি সময়ের দাবি মেটাতে। সেবার শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান, এবার ১৮।
 
সমীকরণ শেষ ওভারে ঠেকেছিল সেবার ৯ রান। মাহমুদউল্লাহ ৩ বল খেলে করেছিলেন ৫ রান, আরেক পাশ থকে পাননি তেমন সঙ্গ। বাংলাদেশ হেরেছিল ২ রানে।
 
এবার শেষ ওভারের জন্য সমীকরণ রাখেইনি বাংলাদেশ। জয় মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেষের আগের ওভারেই। শেষ ওভারে প্রয়োজন ছিল তিন। প্রথম বলেই মিড উইকেট দিয়ে চার মেরে বুনো উল্লাসে মাতেন মাহমুদউল্লাহ।
 
খানিক পর স্টার স্পোর্টসকে দেওয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহর কণ্ঠে ছিল চার বছর আগে যন্ত্রণার ক্ষতে প্রলেপ দেওয়ার স্বস্তি।
 
“২০১২ এশিয়া কাপ ফাইনাল আমার মাথায় খেলা করছিল। সেবার পারিনি, এবারও নানা ভাবনা খেলা করছিল মাথায়। শেষ পর্যন্ত আমরা পেরেছি। সেবারের হারকে ভুলিয়ে দিতে সাহায্য করবে এবারের জয়।”
 
প্রচণ্ড চাপের মাঝেও অস্থিরতাকে প্রশ্রয় দেননি মাহমুদউল্লাহ। জানালেন, ঠাণ্ডা মাথায় ম্যাচটি টেনে নিতে চাইছিলেন শেষ পর্যন্ত।
 
“চাপ তো সবসময়ই ছিল। কিন্তু কখন মাথা ঠাণ্ডা করে খেলতে হবে আর কখন বড় শট খেলতে হবে, সেটা বুঝতে হবে। আমি চাইছিলাম খেলাটা শেষ পর্যন্ত টেনে নিতে। কারণ জানতাম ১৮তম ও ১৯তম ওভার করবে আমির ও সামি। দৃষ্টি ছিল শেষ ওভারে। তবে আগের ওভারেই জয়টা প্রায় নিশ্চিত করেছি আমরা।“

পুরনো খবর:

ফাইনালে খেলার কথা সতীর্থদের বলেছিলেন মাশরাফি
স্বপ্নের ফাইনালে বাংলাদেশ