২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকিবুলের শতকে মধ্যাঞ্চলের দিন

রকিবুল হাসানের অপরাজিত শতকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে দলটি। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 07:52 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩২১ রান করে মধ্যাঞ্চল। 
 
রকিবুল ১১৯ ও তানভীর হায়দার ১০ রানে ব্যাট করছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম শতক পাওয়া রকিবুলের ২১৬ বলের ইনিংসটি ১১টি চার সমৃদ্ধ।
 
শামসুর রহমানের সঙ্গে ৫৫ রানের উদ্বোধনী জুটিতে মধ্যাঞ্চলকে ভালো সূচনা এনে দেন জাবিদ হোসেন। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪৭ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

৮১ রানে দুই উইকেট হারানো মধ্যাঞ্চলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মার্শাল আইয়ুব ও রকিবুল। তৃতীয় উইকেটে এই দুই জনে গড়েন ১৫৪ রানের জুটি। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে জাকির হাসানের গ্লাভসবন্দি হয়ে শেষ হয় মার্শালের ৮১ রানের দৃঢ়তাভরা ইনিংসটি।
 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৫৬ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন রকিবুল। ৩৩ বলে ২৭ রান করে শুভাগত ফিরে যাওয়ার পর তানভীরকে নিয়ে বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন রকিবুল। উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৬ রান করে উত্তরাঞ্চল। মুক্তার আলী ৪৩ ও সানজামুল ইসলাম ১১ রানে ব্যাট করছেন।  জুনায়েদ সিদ্দিক ছাড়া উত্তরাঞ্চলের প্রথম ১০ ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে পৌঁছান। কিন্তু কেউই নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি।  ৪৮ রান করেন অধিনায়ক নাঈম ইসলাম।  ৪৩ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে।  দক্ষিণাঞ্চলের তাইবুর রহমান ও সোহাগ গাজী দুটি করে উইকেট নেন।