পাকিস্তান ইনিংসই সাব্বিরের সেরা
শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের চমৎকার এক ইনিংসে বাংলাদেশের ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। ৫৪ বল স্থায়ী এই ইনিংসকে নিজের অন্যতম সেরা মানছেন এই ডানহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান। তবে এখনও তার কাছে সেরা পাকিস্তানের বিপক্ষে পাওয়া প্রথম অর্ধশতক।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল সাব্বিরের। তার প্রথম অর্ধশতকটি এসেছিল তার পরের বছর। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে দলকে ৭ উইকেটের জয় এনে দেওয়ার পথে অর্ধশতক করেছিলেন এই তরুণ।
১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ বলে অপরাজিত ৫১ রান করেছিলেন সাব্বির। সেদিন অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ১০৫ রানের জুটি গড়েছিলেন তিনি।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাব্বির জানালেন ৭টি চার ও একটি ছক্কায় সেই ইনিংস এখনও তার কাছে সেরা। সেই ইনিংস টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ সেরার পুরস্কার এনে দিয়েছিল সাব্বিরকে।
শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ার সেরা ৮০ রানের ইনিংস খেলার পথে ১০টি চার ও তিনটি ছক্কা হাঁকান সাব্বির। অন্যদের যেখানে চার-ছয়ের জন্য সংগ্রাম করতে হয়েছে সেখানে সহজেই বাউন্ডারি পেয়েছেন সাব্বির। কখনও টানা তিন বলও সীমানা ছাড়া করেছেন তিনি।
দ্বিতীয় বলেই মোহাম্মদ মিঠুন ফিরে গেলে ক্রিজে আসেন সাব্বির। পঞ্চম ওভারে দলের ২৬ রানে বিদায় নেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিমও। সেখান থেকে প্রায় একাই দলকে দেড়শ’ রানের কাছাকাছি নিয়ে যান সাব্বির।
“আমি আসলে ‘বল বাই বল’ খেলতে চেয়েছি। বাজে বল পেলে মেরেছি। আমি আমার স্বাভাবিক খেলা খেলতে চেয়েছি। তখন তিন উইকেট পড়ে গিয়েছিল। আমি যদি আউট হয়ে যেতাম তাহলে দল অনেক চাপে পড়ে যেত। আমি শুধু উইকেটে থেকে খেলতে চেয়েছিলাম।”
