২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্শালের শতকে জয়ের আশায় মধ্যাঞ্চল

মার্শাল আইয়ুবের শতকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে জয়ের সম্ভাবনা জোরালো করেছে মধ্যাঞ্চল। চতুর্থ ইনিংসে বড় লক্ষ্য দেওয়া দলটি তৃতীয় দিনের শেষ বেলায় ফিরিয়ে দিয়েছে উত্তরাঞ্চলের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 07:25 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে শুক্রবারের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ দুই উইকেটে ২২ রান। জয়ের জন্য শেষ দিন আরও ৪০০ রান চাই দলটির।

নাজমুল হোসেন শান্ত ৩ ও ফরহাদ হোসেন ৭ রানে ব্যাট করছেন। ফিরে গেছেন জহুরুল ইসলাম (১২) ও জুনায়েদ সিদ্দিক (শূন্য)। 

এর আগে ১ উইকেটে ২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল।

উইকেটকিপার-ব্যাটসম্যান জাবিদ হোসেনের সঙ্গে মার্শালের ২২৯ রানের দারুণ জুটি মধ্যাঞ্চলকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। এই জুটি গড়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রয়োদশ শতকে পৌঁছান প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মার্শাল।

১ রানের ব্যবধানে মার্শাল-জাবিদ ও শুভাগত হোম চৌধুরীকে ফিরিয়ে দেন ফরহাদ হোসেন। তবে তার আগেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় প্রথম ইনিংসে ৯২ রানের লিড পাওয়া দলটি।

২৩১ বলে খেলা মার্শালের ১৪১ রানের চমৎকার ইনিংসটি সাজানো ১৮টি চার ও দুটি ছক্কায়। ক্যারিয়ার সেরা ৯১ রানের আরেকটি ভালো ইনিংস খেলেন তরুণ জাবিদ।

আগের দিন আঙুলে চোট পাওয়া উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান রান আউট হওয়ার আগে করেন ১৭ রান। ২৩ রানে অপরাজিত থাকেন শরীফ উল্লাহ। ২৬ রান আসে রকিবুল হাসানের ব্যাট থেকে।

৪৯ রানে পাঁচ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সেরা বোলার ফরহাদ।

৭ উইকেটে ৩২৯ রানে মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় জয়ের জন্য উত্তরাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় ৪২২ রান। প্রায় অসম্ভব সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় দলটি। 

এর আগে প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ২৬০ ও উত্তরাঞ্চল ১৬৮ রান করে।