ব্যাটিং ব্যর্থতাকে দায় দিলেন অধিনায়ক
শুরুর চমৎকার বোলিংয়ে মাশরাফি বিন মুর্তজা ভাবেননি ১৬৭ রানের লক্ষ্য পাবেন তারা। তবে বাংলাদেশের অধিনায়কের বিশ্বাস, এই লক্ষ্যও তাড়া করে জেতার সামর্থ্য তাদের ছিল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলের কাছে ৪৫ রানে হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন মাশরাফি।
“এই উইকেটে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল। আমরা প্রস্তুতি ম্যাচেও ১৬০/১৬৫ রান করেছি। আমাদের যে ব্যাটিং ছিল তাতে এই রান করা সম্ভব ছিল।”
বড় লক্ষ্য তাড়া করতে নেমে কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। অধিনায়ক এটাকেই দেখলেন বড় করে, “এই লক্ষ্য তাড়া করতে হলে আপনাকে জুটি গড়তে হবে। আমরা কোনো জুটি গড়তে পারিনি; একই সঙ্গে শুরুতে উইকেট হারিয়ে ফেলেছি। তাই শেষটায় আমরা আর পেরে উঠিনি।”
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, প্রথম ১০ ওভারের বোলিং দেখে তার মনে হয়েছিল ১৩৫/১৪০ রানে বেঁধে রাখা যাবে ভারতকে। তবে এরপর শিশির পড়া শুরু হলে দেড়শ’ রানের লক্ষ্য পাওয়ার কথা ভেবেছিলেন তিনি।
“শিশিরের জন্য আমি ভেবেছিলাম দেড়শ’ রান করতে পারে ওরা আর সেটা তাড়া করে জেতাও সম্ভব। শিশিরের জন্য ওদের বোলারদেরও সমস্যা হবে। রবিচন্দ্রন অশ্বিন অন্য ধরনের বোলার কিন্তু রবিন্দ্র জাদেজার সমস্যা হত। এই জন্য তাকে ওরা অনেক পরে ব্যবহার করেছে।”
ভারতকে চ্যালেঞ্জ জানাতে না পারা বাংলাদেশের হয়ে লড়াই করেছেন কেবল সাব্বির রহমান। দুটি করে চার ও ছক্কার সাহায্যে ৪৪ রান করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
