২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে আগ্রাসী ক্রিকেট খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি এশিয়া কাপে সাফল্য পেতে আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই এই পরিকল্পনায় এগুনোর কথা জানিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 07:37 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

ভারতের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে আগামী বুধবার শুরু হবে এশিয়া কাপ। মাহমুদউল্লাহ জানান, সেই ম্যাচে আক্রমণাত্মক চেহারায় দেখা যাবে তাদের। 

“প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো ক্রিকেট খেলতে হবে, আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। প্রতিটি ম্যাচেই আমরা সেই মনোভাব নিয়ে নামব।”

সাম্প্রতিক সময়ে বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ জানান, এই সংস্করণে খেলার অভিজ্ঞতা প্রভাব ফেলেছে তার আত্মবিশ্বাসে।   

“এই মুহূর্তে আমরা আত্মবিশ্বাসী। আমাদের বিশ্বাস যে, আমরা ব্যতিক্রমী ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে পারব। আগে যেটা বললাম, আগ্রাসী খেলাটা গুরুত্বপূর্ণ। সবার মানসিকতা এরকম যে, আমরা আগ্রাসী খেলতে পারব।”

টি-টোয়েন্টির জন্য নিজেকে প্রস্তুত করছেন মাহমুদউল্লাহ, “যখনই নামব, প্রথম বলেই ছক্কা মারার চেষ্টা করব। শুধু ব্যাটসম্যান না, বোলার বা সবাইকেই টি-টোয়েন্টিতে একটু কৌশলি হতে হয়। পরিস্থিতি বুঝে খেলতে হয়। একটা উইকেট, রান আউট বা ছক্কা খেলার পরিস্থিতি বদলে দেয়। মোমেন্টাম ধরে রাখা ও পরিস্থিতি বুঝে খেলতে হবে।”

পুরনো খবর:

টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জ্বলে ওঠার প্রত্যয়
মাশরাফির জন্য ট্রফি চান মাহমুদউল্লাহ