২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির জন্য ট্রফি চান মাহমুদউল্লাহ

মাহমুদউল্লার চোখে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্ব ‘অনন্য’। অনুপ্রেরণাদায়ী অধিনায়কের জন্য হলেও এশিয়া কাপ বা বিশ্বকাপের শিরোপা জিততে চান এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 09:22 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

বাংলাদেশ অধিনায়ক হতে যাচ্ছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত। বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ এর জন্য অগ্রিম শুভেচ্ছা জানালেন অধিনায়ককে।

“মাশরাফি ভাইকে শুভেচ্ছা। এটা অনেক বড় অর্জন। উনার জন্য, আমাদের দলের জন্য, দেশের জন্য। জাতিসংঘের একটি সংস্থার দূত হওয়া চাট্টিখানি কথা নয়। আমাদের সবার গৌরব এটা।”

মাহমুদউল্লার ধারণা, নেতৃত্বগুণের কারণেই এই সম্মানের যোগ্য মাশরাফি।

“সুনির্দিষ্ট বলতে গেলেও উনার অনেক গুণ আছে। আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা মনে হয়, উনার লিডারশিপ। নেতা হিসেবে উনি চ্যাম্পিয়ন। এই গুণটা আর সবার থেকে তাকে আলাদা করে। আমরা যারা কাছে থাকি, তারা অনুভব করি, দেখতে পাই। উনার নেতৃত্ব অনন্য।”

অনন্য এই নেতার জন্য এবার একটি ট্রফি জিততে চান মাহমুদউল্লাহ।

“আমরা যদি উনাকে কোনো ট্রফি দিতে চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের চেয়ে বড় কিছু হয় না। আমরা চেষ্টা করব সবাই মিলে, যেন এশিয়া কাপ ও বিশ্বকাপে উনার জন্য খেলতে পারি।”

বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।