শেষের শুরুতে ম্যাককালামের রেকর্ড-ভাস্বর দিন
বিদায়ী টেস্টের প্রথম দিনটি ব্যাটিং তাণ্ডবে মাতালেন ব্রেন্ডন ম্যাককালাম। নিজের করে নিলেন ছক্কার রেকর্ড; দ্রুততম সেঞ্চুরিতে নাম লেখালেন টেস্ট ইতিহাসে।
ম্যাককালামের সেঞ্চুরির বাইরে লড়াই হয়েছে জমজমাট। এক দিনে রান উঠেছে ৪২৭, উইকেট পড়েছে ১১টি; ছিল চোখ ধাঁধানো সব ক্যাচ, যার একটা নো বলে। ট্রান্স-তাসমান ট্রফির দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটায় ছিল প্রায় সব কিছুই। দিন শেষে দুই দলকেই বলতে হয় সমানে সমান।
ক্রাইস্টচার্চে প্রথম দিনে ৬৫.৪ ওভারে অলআউট হয়েছে নিউ জিল্যান্ড। কিন্তু ম্যাককালামের বিধ্বংসী সেঞ্চুরিতে এর মধ্যেই রান তুলে নিয়েছে তারা ৩৭০! অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে।
টস ভাগ্যে বরাবরই বিরূপ ম্যাককালামের; ক্যারিয়ারের শেষ ম্যাচটিতেও হেরেছেন টস। প্রাণবন্ত উইকেটে অকপটে বোলিং নেন স্টিভেন স্মিথ। হ্যাগলি ওভালের উইকেট সবুজ ছিল না বটে, তবে সিম মুভমেন্ট আর বাউন্স ছিল যথেষ্টই।
অস্ট্রেলিয়াকে প্রথম ব্রেক থ্রু এনে দেন পিটার সিডলের চোটে দলে ফেরা জেমস প্যাটিনসন। ফিরিয়ে দেন মার্টিন গাপটিলকে (১৮)। এরপর জ্যাকসন বার্ড আর জস হেইজেলউডের দারুণ নিয়ন্ত্রিত বোলিং উইকেটে বেঁধে রাখে টম ল্যাথাম ও কেন উইলিয়ামসনকে। গাপটিল আউট হওয়ার পরের ১০ ওভারে রান আসে মাত্র ২!
অতি সাবধানী ব্যাটিংয়েও শেষ রক্ষা হয়নি। ৪০ বলে ৪ রান করে বার্ডের বলে স্লিপে স্মিথের দুর্দান্ত ক্যাচে ফেরেন ল্যাথাম। হেইজেলউড ফিরিয়ে দেন হেনরি নিকোলসকে (৭)। মিচেল মার্শের বলে স্মিথের আরেকটি অসাধারণ ক্যাচ ফেরায় উইলিয়ামনকে। ৭ রান করতে ৬৯ বল খেলেন উইলিয়ামসন। তার চেয়ে ১৫ বল কম খেলে সেঞ্চুরি করে ফেলেন ম্যাককালাম!
১৮ হাজার দর্শকে টইটম্বুর ছিল হ্যাগলি ওভাল। পুরো গ্যালারির দাঁড়িয়ে অভিবাদন, করতালি আর অস্ট্রেলিয়া দলের গার্ড অব অনারে মাঠে নামেন ম্যাককালাম। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে নিউ জিল্যান্ড। অধিনায়কের পাল্টা আক্রমণে মুহূতেই উধাও সব অস্বস্তি, রানের চাকা ঘুরতে থাকল তুমুল গতিতে।
৩৯ রানে অবশ্য একটি বিদায়ী উপহার পান ম্যাককালাম। প্যাটিনসনের বলে গালিতে মার্শের অনন্য সাধারণ এক ক্যাচের শিকার হয়েছিলেন। কিন্তু টিভি রিপ্লে দেখে নো বল দেন আম্পায়ার। তাতে যেন আরও দুর্দমনীয় হয়ে ওঠেন কিউই অধিনায়ক।
বার্ডকে ছক্কা মেরে ৩৪ বলে ছুঁয়েছিলেন অর্ধশতক। পরের অর্ধশতকে বল লাগল মাত্র ২০টি। ৫০ বলে ছিল ৮২ রান, সেখান থেকে হেইজেলউডকে ছক্কা ও টানা তিন বাউন্ডারিতে একশ! গড়লেন টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৫৪ বলে সেঞ্চুরিতে পেছনে ফেলে দিলেন ভিভ রিচার্ডস ও মিসবাহ-উল-হকের ৫৬ বলের রেকর্ড।
পঞ্চম উইকেট জুটিতে ওয়ানডের গতিতে খেলেছেন কোরি অ্যান্ডারসনও। ১৭৯ রানের জুটি গড়েছেন দুজন মাত্র ১১০ বলে। ৯.৭৬ রান রেটের এই জুটি দেড়শ ছোঁয়া জুটিগুলির মধ্যে টেস্ট ইতিহাসের দ্রুততম জুটি!
ম্যাককালামের বিদায়েই শেষ পর্যন্ত ভেঙেছে এই জুটি। দলের রান তখন ২৫৩, ম্যাককালামের একারই ১৪৫! ৭৯ বলের ইনিংসে ২১ টি চার, ৬টি ছক্কা। আরেকটি রেকর্ডও তখন বেশ পোক্ত করে ফেলেছেন। অ্যাডাম গিলক্রিস্টকে (১০০) ছাড়িয়ে একার করে নিয়েছেন টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড (১০৬)।
ম্যাককালাম আউট হওয়ার খানিক পর বিদায় নিয়েছেন অ্যান্ডরসনও, ৮ চার ও ৪ ছক্কায় ৬৬ বলে ৭২। প্রথম সেশনে ২৬ ওভারে ৭৪ রান তুলেছিল নিউ জিল্যান্ড, দ্বিতীয় সেশনে ২৪ ওভারেই ১৯৯!
লোয়ার অর্ডারদের নিয়ে পরে দলের রান বাড়িয়েছেন বিজে ওয়াটলিং। শেষ তিন ব্যাটসম্যানকে নিয়েও এই উইকেটকিপার ব্যাটসম্যান যোগ করেছেন ৯৭ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ওয়াটলিং করেছেন ৫৭ বলে ৫৮।
অস্ট্রেলিয়ার নাথান লায়ন নিয়েছেন ৩ উইকেট। প্যাটিনসন, বার্ড ও হেইেজলউড দুটি করে।
ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই হারিয়েছে ডেভিড ওয়ার্নারকে। দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে পার করে দিয়েছেন জো বার্নস (২৭*) ও উসমান খাওয়াজা (১৮*)।
উত্তেজনা ও নাটকীয়তায় ঠাসা দিন শেষে সবকিছুকে ছাপিয়ে সবার মুখে একটিই নাম, বিদায়ী নায়ক ম্যাককালাম!
