সিডলের জায়গায় অস্ট্রেলিয়া একাদশে প্যাটিনসন
নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোটে পড়া পিটার সিডলের জায়গায় খেলবেন আরেক পেসার জেমস প্যাটিনসন।
গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন প্যাটিনসন। ব্যথা সেরে না ওঠায় নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। ম্যাচটি ইনিংস ও ৫২ রানে জেতে সফরকারী অস্ট্রেলিয়া।
ওয়েলিংটন টেস্টে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসে ১২ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট পাওয়া সিডল দ্বিতীয় ইনিংসের বেশিরভাগ সময়ই পিঠের ব্যথার জন্য মাঠের বাইরে ছিলেন। দ্বিতীয় ইনিংসে ৮ ওভার বল করলেও ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় নিউ জিল্যান্ড।
